দেশ গঠনের পথে একদল ষড়যন্ত্রকারী নতুন করে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি বিশেষ গোষ্ঠী ইতিহাসের বিভিন্ন মোড়ে জনগণকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছে এবং বর্তমান সময়েও তাদের সেই অপতৎপরতা থেমে নেই।
জনসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অতীতে যারা ধর্মের দোহাই দিয়ে অরাজকতা সৃষ্টি করেছিল, তারাই একাত্তর ও নব্বইয়ের দশকের বিভিন্ন ক্রান্তিলগ্নে নেতিবাচক ভূমিকা রেখেছিল এবং বর্তমানেও বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যারা জুলাই হত্যাকাণ্ডের হোতা, তাদের বিচার বাংলার মাটিতেই হবে এবং সরকার ধাপে ধাপে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ফ্যাসিবাদের সহযোগীদের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ভয় দেখিয়ে বা অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।
ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে সরকারপ্রধান বলেন, জনগণের সুষ্পষ্ট ম্যান্ডেট নিয়েই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। বিএনপিকে ফ্যাসিবাদের সহচর হিসেবে প্রমাণের যে চেষ্টা চালানো হচ্ছে, তা কখনো সফল হবে না। কারণ দলের নেতাকর্মীরা দীর্ঘ সময় রাজপথে জেল-জুলুম উপেক্ষা করে সংগ্রাম করেছে। দেশে পুনরায় হরতাল বা দীর্ঘমেয়াদি অস্থিরতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে তিনি দেশবাসীকে সজাগ থাকার পরামর্শ দেন।
দেশের অর্থনৈতিক ও কৃষি কাঠামোর আধুনিকায়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার বৃহৎ পরিকল্পনা নেওয়া হবে। এই উদ্যোগের ফলে সেচ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মাছ চাষ ও বনায়নের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করা এবং দক্ষ জনশক্তি বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ প্রশস্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তব্যের শেষ দিকে সামাজিক খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বেকারদের কাজের সুযোগ তৈরি করা সরকারের মূল লক্ষ্য। একই সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে জাতীয় মানের খেলোয়াড় তৈরিতে বিশেষ পদক্ষেপের কথা জানান তিনি। একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কঠোর পরিশ্রমের বিকল্প নেই উল্লেখ করে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।