শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে শিক্ষকদের দক্ষতা ও উৎকর্ষ সাধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নতি চাইলে শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে চীনের সঙ্গে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে সাধারণ ও কারিগরি পর্যায়ের শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস এবং চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, শিক্ষাখাতের এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে হলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে। এ কারণেই বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ভবিষ্যতে শিক্ষাখাতে বাজেটের বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন। এছাড়া শিক্ষার মান নিশ্চিত করতে পাঠ্যক্রম, শিক্ষাক্রম এবং শিক্ষা বর্ষপঞ্জিতে প্রয়োজনীয় সংস্কার আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
ড. মিলন আরও বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের এক পর্যায়ে দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর মন্ত্রী সেখানে আয়োজিত শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এছাড়া বুয়েটের উপাচার্য ড. এ বি এম বদরুজ্জামান ও মাউশি’র মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।