ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অতীতে মেধার পরিবর্তে রাজনৈতিক পক্ষপাতিত্বকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের সাথে এক উন্মুক্ত মতবিনিময় সভায় তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, নিয়োগের ক্ষেত্রে প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হলে উচ্চশিক্ষার গুণগত মান দ্রুত পরিবর্তন করা সম্ভব।
ব্যতিক্রমী এই আয়োজনে প্রধানমন্ত্রী কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে দীর্ঘ এক ঘণ্টা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভার শুরুতে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দীর্ঘ সময় পর ক্যাম্পাসে ফিরে নিজেকে তরুণ মনে হচ্ছে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের আকাঙ্ক্ষা এবং পরামর্শ শুনতেই তিনি এই আলোচনায় অংশ নিয়েছেন। আবাসন সংকট, লাইভ্রোরি সুবিধা এবং কর্মসংস্থানসহ নানা বিষয়ে শিক্ষার্থীরা তাদের উদ্বেগ ও জিজ্ঞাসার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
হলে আসন সমস্যা ও প্রশাসনিক দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, মেগা প্রকল্পের নামে গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থের অপচয় হয়েছে। উদাহরণ হিসেবে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত ব্যয়ের প্রসঙ্গ টেনে বলেন, যেখানে প্রতিবেশী দেশে সমজাতীয় প্রকল্পে খরচ হয়েছে ১৪ হাজার কোটি টাকা, সেখানে বাংলাদেশে ৯৬ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই ঋণের বোঝা দেশের প্রতিটি মানুষের ওপর চেপেছে। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি জানান, দেশ থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার না হলে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও অবকাঠামোগত সব সমস্যার সমাধান করা সম্ভব হতো।
দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, রাতারাতি সব বদলে ফেলা অসম্ভব এবং কেবল ‘জিরো টলারেন্স’ কথাটি অনেক ক্ষেত্রে অবাস্তব মনে হয়। তবে দীর্ঘদিনের অনিয়ম ও অভ্যাসের পরিবর্তন ঘটিয়ে দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য প্রায়োগিক জ্ঞান নিশ্চিত করতে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে উপদেষ্টা মাহদী আমিন বলেন, স্নাতক চতুর্থ বর্ষের একটি সেমিস্টার ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপের আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সাথে আলোচনা চলছে। যে সকল প্রতিষ্ঠান শিক্ষার্থীদের এই সুযোগ দেবে, তাদের বিশেষ নীতিগত সুবিধা প্রদানের পরিকল্পনাও সরকারের রয়েছে।
আন্তর্জাতিক ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান জানান, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে স্কুল পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্য রয়েছে। দক্ষ শিক্ষকের অভাব দূর করতে ডিজিটাল ও ভিডিও ফরম্যাটে ভাষা শেখানোর পদ্ধতি চালু করা হবে, যাতে রাজধানী থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরাও ফরাসি, জাপানি বা জার্মান ভাষা শিখে বৈশ্বিক কর্মবাজারে নিজেদের অবস্থান গড়ে নিতে পারে।
গবেষণা ও আন্তর্জাতিক র্যাঙ্কিং নিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষক এবং গবেষণার ঘাটতির কারণেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে। তিনি এই সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বা অ্যালামনাইদের গবেষণা ও উদ্ভাবনী কাজে বিনিয়োগ ও অংশগ্রহণের আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ্ আল মামুন।