দ্বিপক্ষীয় কূটনীতিতে নতুন অধ্যায়ের সূচনায় আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকায় আসছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কূটনৈতিক সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পরপরই তিনি তার দায়িত্বসূচি শুরু করবেন। আগমন–পরবর্তী দুই দিনের মধ্যে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করে পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করবেন তিনি। আগামী ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
ঢাকায় আসার আগে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।”