শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও সিএমপির তালিকা প্রত্যাখ্যান এনসিপির

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃক প্রণীত ৩২৮ জন দুষ্কৃতিকারীর তালিকা প্রত্যাখান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতৃবৃন্দ। তারা পুলিশের এই তালিকা প্রকাশের প্রক্রিয়াকে চূড়ান্ত অপেশাদারিত্ব ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন। দলটির মতে, অপরাধীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা না নিয়ে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা মূলত নিজেদের ব্যর্থতা আড়াল করার একটি অপকৌশল মাত্র।

সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও সিএমপির তালিকা প্রত্যাখ্যান এনসিপির
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃক প্রণীত ৩২৮ জন দুষ্কৃতিকারীর তালিকা প্রত্যাখান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতৃবৃন্দ। তারা পুলিশের এই তালিকা প্রকাশের প্রক্রিয়াকে চূড়ান্ত অপেশাদারিত্ব ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন। দলটির মতে, অপরাধীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা না নিয়ে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা মূলত নিজেদের ব্যর্থতা আড়াল করার একটি অপকৌশল মাত্র।

সোমবার বিকেলে নগরীর বিপ্লব উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার নেতারা এসব কথা বলেন। সম্মেলনে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ এরফানুল হক। বিবৃতিতে বলা হয়, সিএমপি ৩২৮ জন সন্ত্রাসীকে চিহ্নিত করে তাদের এলাকা ত্যাগের পরামর্শ দিয়েছে, যা হাস্যকর। এই তালিকায় গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জড়িত গণহত্যাকারী ও শীর্ষ অপরাধীদের নাম রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার না করে এলাকা ছাড়ার সুযোগ করে দিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ প্রশ্ন তোলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অপরাধীদের নাম ও ঠিকানা জানা থাকা সত্ত্বেও তাদের কেন আটক করা হচ্ছে না? সন্ত্রাসীদের নিরাপদ পলায়নের সুযোগ দেওয়া আইনের শাসনের পরিপন্থী। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে যদি চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে জননিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামবে এনসিপি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পদত্যাগও দাবি করা হয়। নেতারা অভিযোগ করেন, মেয়রের মতো একটি নিরপেক্ষ পদে আসীন থেকে তিনি দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন। এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পথে বড় বাধা। তাই নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে তাকে অবিলম্বে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, সম্প্রতি সিএমপি ৩৩০ জনের একটি তালিকা প্রকাশ করলে সেখানে একজন মৃত ব্যক্তি ও একজন রাজনৈতিক নেতার নাম আসায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীকালে সেই তালিকা সংশোধন করে ৩২৮ জনে নামিয়ে আনা হয়। সংবাদ সম্মেলনে এনসিপি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।