বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে শামিমা আক্তার নামে তেইশ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।

সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে শামিমা আক্তার নামে তেইশ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে শহরের একটি হাসপাতাল থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শামিমা আক্তার নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহাগের স্ত্রী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে শহরের গোলাহাট এলাকায় অবস্থিত শ্বশুরবাড়ি থেকে শামিমাকে অসুস্থ অবস্থায় তার জা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও তা উদ্ধার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ হাসপাতালে অবস্থান করছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর রহস্য উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।