শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

সোমবার বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে বগুড়া সফর করবেন এবং আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত সফরসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টায় তিনি এই ঘোষণা প্রদান করবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন।

সোমবার বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে বগুড়া সফর করবেন এবং আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত সফরসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টায় তিনি এই ঘোষণা প্রদান করবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন।

বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার এই প্রক্রিয়ার যাত্রা শুরু হয়েছিল দীর্ঘ সময় আগে। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে পৌরসভার সীমানা ৪৮টি মৌজা পর্যন্ত বিস্তৃত করে ৬৯.৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয়েছিল। সেই সময় ১২টি ওয়ার্ড থেকে বাড়িয়ে ২১টি ওয়ার্ড করা হয় এবং এলাকাটিকে বৃহৎ মাপে সাজানোর মাধ্যমেই সিটি করপোরেশন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে পরবর্তী দীর্ঘ সময়ে নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় সেই উদ্যোগ থমকে যায়। আওয়ামী লীগ সরকারের শাসনামলেও স্থানীয়দের পক্ষ থেকে বারবার দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজার প্রস্তাবের মাধ্যমে এই প্রক্রিয়া পুনরায় গতি পায়। পরবর্তীতে গণবিজ্ঞপ্তি জারি এবং স্থানীয়দের মতামত ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়। যদিও গত বছরের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের প্রাথমিক লক্ষ্য ছিল, কিন্তু সেটি পিছিয়ে এখন চূড়ান্ত রূপ পাচ্ছে। অতি সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে পুরো বগুড়ায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। সিটি করপোরেশন ঘোষণার পাশাপাশি শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা হিসেবে ঘোষণাসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা উত্তরবঙ্গের এই প্রাচীন জনপদের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।