নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বড় ধরনের এক অভিযানে প্রায় পৌনে ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা ইলিশ ও নিষিদ্ধ চিংড়ি রেণু পোনা আটক করেছে কোস্ট গার্ড। শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার কাঁচপুর সেতু এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের পাগলা কম্পোজিট স্টেশন কাঁচপুর সেতুর নিচে বিশেষ নজরদারি শুরু করে। শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত চলা এই অভিযানে নোয়াখালী থেকে খুলনা অভিমুখী দুটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ট্রাক দুটি থেকে ২ হাজার ২০০ কেজি জাটকা এবং প্রায় ৩ কোটি ৭০ লাখ পিস অবৈধ চিংড়ি রেণু পোনা উদ্ধার করা হয়। জব্দকৃত এই জাটকার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৮৫ হাজার টাকা এবং চিংড়ি রেণুর মূল্য ধরা হয়েছে প্রায় ৫ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৫ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকার অবৈধ মৎস্য সম্পদ জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত চিংড়ি রেণুগুলো নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। তবে মানবিক দিক বিবেচনা করে আটককৃত ট্রাক দুটির চালক ও সহকারীদের কাছ থেকে ভবিষ্যতে এমন কাজের সঙ্গে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।