বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

শ্রীপুরে ডোবা থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে পৌরসভার চন্নাপাড়া এলাকায় নাজমুল হাসান নামে এক ব্যক্তির বাড়ির পাশের ডোবা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীপুরে ডোবা থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে পৌরসভার চন্নাপাড়া এলাকায় নাজমুল হাসান নামে এক ব্যক্তির বাড়ির পাশের ডোবা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই চন্নাপাড়া এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ অসহনীয় পর্যায়ে পৌঁছালে এলাকাবাসী এর উৎস খুঁজতে শুরু করেন। একপর্যায়ে নাজমুল হাসানের বাড়ির পাশের ছোট একটি ডোবায় মানুষের শরীরের খণ্ডিত অংশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তার বাড়িতে মূলত পোশাক কারখানার শ্রমিকরা ভাড়া থাকেন। গৃহস্থালি কাজের পানি নিষ্কাশনের জন্য প্রায় এক দশক আগে তিনি বাড়ির পাশে ওই ডোবাটি খনন করেছিলেন। আজ দুপুরে ভাড়াটিয়ারা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সেখানে মরদেহের অংশ দেখে তাকে অবহিত করেন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয়দের ধারণা, খুনিরা অন্য কোনো স্থানে হত্যাকাণ্ড ঘটিয়ে পরিচয় গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শরীরের অংশগুলো এখানে ফেলে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খণ্ডিত দেহটি উদ্ধার করে। নিহত নারীর পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবগত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দোষীদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।