বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সরকার পতনের পর নেপালে প্রথম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নেপালে সরকার পতনের ছয় মাস পর নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সরকার পতনের পর নেপালে প্রথম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ছবিঃ সংগৃহীত

নেপালে সরকার পতনের ছয় মাস পর নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করছে দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে উঠে আসা তরুণ প্রজম্মের প্রতিনিধিরা। বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন প্রান্তের ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। এবারের নির্বাচনে প্রায় ১ কোটি ৯০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ৮ লাখ তরুণ প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি সভার (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ২৭৫ জন সদস্য নির্বাচনের জন্য ভোটাররা সরাসরি ভোট ও আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমন্বয়ে ভোট দিচ্ছেন।

এবারের নির্বাচনে ৩ হাজার ৪০০-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে এক-তৃতীয়াংশেরই বয়স ৪০ বছরের নিচে। বিশেষ করে পূর্বাঞ্চলীয় জেলা ঝাপার নির্বাচনী লড়াই সবার নজর কেড়েছে। সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির মুখোমুখি হয়েছেন সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ (বালেন)। নতুন ধারার রাজনীতির প্রবর্তক বালেন শাহ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ অলির এই লড়াইকে নেপালের রাজনীতির মোড় পরিবর্তনকারী হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ভোটগ্রহণ শেষে দুর্গম পার্বত্য এলাকা থেকে ব্যালট বক্স সংগ্রহ করা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হলেও প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভান্ডারি দ্রুত ফল প্রকাশের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, সরাসরি নির্বাচনের প্রাথমিক ফলাফল আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে। তবে জোট সরকার গঠনের প্রয়োজনীয়তার কারণে পূর্ণাঙ্গ ফলাফল এবং চূড়ান্ত ক্ষমতার সমীকরণ স্পষ্ট হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে 'জেন-জি' (Gen-Z) আন্দোলনের মুখে কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। ছাত্র-জনতার সেই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি। তার সরকারের অধীনেই ছয় মাস পর আজ এই গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।