শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

শ্রম খাতের সমস্যা নিরসনে টিম ওয়ার্ক চলমান থাকবে : শ্রমমন্ত্রী

শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা ও শ্রম খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার, মালিক এবং শ্রমিকদের মধ্যে সুদৃঢ় সমন্বয় অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রম খাতের সমস্যা নিরসনে টিম ওয়ার্ক চলমান থাকবে : শ্রমমন্ত্রী
ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা ও শ্রম খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার, মালিক এবং শ্রমিকদের মধ্যে সুদৃঢ় সমন্বয় অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আলোচনা সভায় শ্রমমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, শ্রমজীবী মানুষের কল্যাণ এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার সেই ধারা বজায় রেখে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা এবং আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।

বিগত ঈদুল ফিতরে শ্রম পরিস্থিতি স্থিতিশীল থাকার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সময়োপযোগী পরামর্শ ও কার্যকর নীতিগত সহায়তার কারণে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি সময়মতো নিশ্চিত করা সম্ভব হয়েছিল। এর ফলে শ্রমিকরা উৎসবের আমেজ নিয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পেরেছিলেন। আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি হিসেবেও সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মালিক-শ্রমিক উভয় পক্ষের সহযোগিতা পেলে এটি সফলভাবে বাস্তবায়ন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মিরপুরের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৩ জন শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

এর আগে সকাল ৮টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শ্রমমন্ত্রীর নেতৃত্বে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টিসহ র‍্যালিটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে সম্মেলন কেন্দ্রের মূল ফটকে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। এছাড়াও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সভায় অংশ নেন।