স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের রকেট স্টারশিপ সোমবার প্রথমবারের মতো কক্ষপথে পৌঁছেছে। মাঝপথে একটি ইঞ্জিন অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে গেলেও পরে সমস্যা কাটিয়ে কক্ষপথে পৌঁছে নতুন প্রজন্মের স্টারলিংক স্যাটেলাইটের প্রথম চালানও মহাকাশে ছাড়ে রকেটটি। তবে নির্ধারিত সময়ের আগেই অভিযান শেষ করতে হয়। শেষ পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে প্রশান্ত মহাসাগরে অবতরণের সময় আগুনে জ্বলতে জ্বলতে সাগরে পড়ে স্টারশিপ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অভিযানটি ১০ ঘণ্টা চলার কথা থাকলেও ইঞ্জিনের সমস্যার কারণে তা কমিয়ে প্রায় তিন ঘণ্টা করা হয়। টেক্সাস থেকে উৎক্ষেপণ করা এই রকেটটি ২০২৩ সালের পর স্টারশিপের ১৪তম উড্ডয়ন। ইলন মাস্কের কোম্পানি চলতি বছরের শেষ দিকে স্টারশিপকে নিয়মিত ব্যবহারে আনার পরিকল্পনা করছে।
স্পেসএক্সের শেয়ারের দাম সোমবার প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর দামের তুলনায় প্রায় ৯ শতাংশ বেড়েছিল। পরে তা প্রায় ১ শতাংশ কমে যায়। শুক্রবারের বাজার বন্ধের হিসাবে স্পেসএক্সের মূল্য দাঁড়িয়েছে ২ ট্রিলিয়ন ডলার। কোম্পানিটির বাজারমূল্য ও বিনিয়োগকারীদের আস্থার বড় অংশই স্টারশিপের সফলতার ওপর নির্ভর করছে। কারণ, এটিকে বিশ্বের প্রথম পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান হিসেবে তৈরি করা হয়েছে।
মানববিহীন ৪০ তলা ভবনের সমান উচ্চতার এই যানটি তৈরি হয়েছে একটি সুপার হেভি বুস্টার রকেটের ওপর বসানো মূল স্টারশিপ মহাকাশযান নিয়ে। মেক্সিকো উপসাগরের তীরে ব্রাউনসভিলের কাছে স্পেসএক্সের স্টারবেস কমপ্লেক্স থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
সুপার হেভি বুস্টারটি স্টারশিপের ওপরের ধাপকে মহাকাশে পৌঁছে দেওয়ার পর নিজে মেক্সিকো উপসাগরের পানিতে ফিরে আসে। ইঞ্জিন নিয়ন্ত্রণের মাধ্যমে পানিতে অবতরণ করে বুস্টারটি। এর আগের দুটি অভিযানে বুস্টারটির অবতরণ কঠিনভাবে হয়েছিল। এবারও নামার সময় ওই বুস্টারের কয়েকটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় বলে জানিয়েছে স্পেসএক্স।
মহাকাশে পৌঁছানোর পর স্টারশিপের তিনটি প্রধান ইঞ্জিনের একটি নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। এর পর স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুট কোম্পানির সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে জানান, এই অবস্থায় মহাকাশযানটির কক্ষপথে পৌঁছানো সম্ভব হবে না।
ড্যান হুট বলেন, ‘‘কক্ষপথে যাওয়ার চেষ্টা না করার সিদ্ধান্ত নিয়েছে দল।’’
তবে কয়েক মিনিট পর প্রকৌশলীদের কাছ থেকে নতুন তথ্য পাওয়ার পর হুট নিজের বক্তব্য পরিবর্তন করেন। প্রকৌশলীরা নিশ্চিত করেন, একটি ইঞ্জিন চালু করে স্টারশিপকে কক্ষপথে তোলার চেষ্টা করা এখনো সম্ভব। কয়েক মিনিট পর সফলভাবে সেই ইঞ্জিন চালু করে কক্ষপথে পৌঁছে যায় স্টারশিপ।
প্রশান্ত মহাসাগরে স্টারশিপের নিয়ন্ত্রিত অবতরণ শেষ হয় একটি বিশেষ থ্রাস্টার কৌশলের মাধ্যমে। এতে মহাকাশযানটি উল্লম্ব অবস্থায় ঘুরে গিয়ে নাকের দিক ওপরে রেখে সাগরে আঘাত করে। পানির পৃষ্ঠে পড়ার সময় রকেটটির নিচের অংশ আগুনে ঢেকে যায়। পরে সেটি এক পাশে কাত হয়ে পড়ে এবং এরপর বড় একটি আগুনের গোলা দেখা যায়। অভিযানের পর মহাকাশযানটি সাগর থেকে উদ্ধারের কোনো পরিকল্পনা স্পেসএক্সের ছিল না।
কক্ষপথে পৌঁছানোর পর প্রায় ২৬৯ কিলোমিটার উচ্চতায় একে একে নতুন প্রজন্মের ২৬টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে ছাড়ে স্টারশিপ।
ইলন মাস্ক এক্সে লিখেছেন, ‘‘সব ২৬টি স্টারলিংক ভি৩ স্যাটেলাইট সফলভাবে মোতায়েন হয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে।’’
স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট আরও ঘন ঘন মহাকাশে পাঠানো এবং ভবিষ্যতে নাসার চাঁদ অভিযানের কাজে ব্যবহারের জন্য স্টারশিপ তৈরি করা হয়েছে। নতুন কোনো রকেটের জন্য কক্ষপথে পৌঁছানো অন্যতম প্রধান সাফল্যের মাপকাঠি। স্টারশিপের ক্ষেত্রে এই সাফল্য পেতে দীর্ঘ সময় লেগেছে। মাস্ক একসময় ধারণা করেছিলেন, ২০২২ সালেই স্টারশিপ কক্ষপথে পৌঁছাবে এবং ২০২৩ সালে স্যাটেলাইট মোতায়েন শুরু হবে।
২০২৩ সালের পর স্টারশিপের আগের ১৩টি পরীক্ষামূলক উড্ডয়নই সাব-অরবিটাল বা কক্ষপথের নিচের পর্যায়ে সীমাবদ্ধ ছিল। প্রায় এক দশক ধরে স্টারশিপের উন্নয়নকাজে এখন পর্যন্ত ১৫ বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে স্পেসএক্স। মাস্কের লক্ষ্য, শেষ পর্যন্ত বছরে শত শত কিংবা হাজার হাজার স্টারশিপ অভিযান পরিচালনা করা। মহাকাশশিল্পে এমন মাত্রার উৎক্ষেপণ এর আগে দেখা যায়নি।
রোববার এক্সে মাস্ক লিখেছেন, ‘‘স্টারশিপ ঘণ্টায় একটি করে উড্ডয়নের পর্যায়ে যেতে আরও ২ থেকে ৩ বছর সময় লাগবে।’’
বাস্তব পেলোড নিয়ে পরীক্ষামূলক অভিযান
সোমবারের অভিযানটিকে পরীক্ষামূলক উড্ডয়ন হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও এই প্রথম স্টারশিপ কক্ষপথে পৌঁছানোর মতো পেলোড বহন করেছে।
বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, স্পেসএক্সের নতুন ভি৩ স্টারলিংক স্যাটেলাইটের সোমবারের উৎক্ষেপণ থেকে স্টারলিংক ইউনিটের সম্ভাব্য আয় কয়েক শ কোটি ডলারে পৌঁছাতে পারে। নেটওয়ার্কে নতুন স্যাটেলাইট যুক্ত হওয়ার ফলে গ্রাহক ধারণক্ষমতা বাড়বে—এই হিসাবের ভিত্তিতে এমন অনুমান করা হয়েছে। এতে কোম্পানির মূল মুনাফার উৎস স্টারলিংকের জন্য স্টারশিপের গুরুত্বও স্পষ্ট হচ্ছে।
স্পেসএক্স জানিয়েছে, সোমবার মোতায়েন করা ভি৩ স্টারলিংক স্যাটেলাইটগুলো আগের ভি২ মিনি স্যাটেলাইটের তুলনায় ১০ গুণ বেশি তথ্য বহন করতে পারে। স্পেসএক্সের প্রচলিত ফ্যালকন ৯ রকেট দিয়ে একবারে ২০ থেকে ৩০টি করে ভি২ মিনি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। ব্রডব্যান্ড স্যাটেলাইটের নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণ করতে মাস্ক স্টারশিপ নিয়মিত ব্যবহারে আসার পর প্রতি উৎক্ষেপণে ৬০টি করে ভি৩ স্যাটেলাইট পাঠাতে চান।
জুনে স্পেসএক্সের রেকর্ড গড়া আইপিওর তিন মাস পর স্টারশিপের কক্ষপথে প্রথম সফল যাত্রা হলো। ওই আইপিওর মাধ্যমে বাজারমূল্যের হিসাবে স্পেসএক্স যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বৃহত্তম কোম্পানিতে পরিণত হয়। একই সঙ্গে ২০০২ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করা মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হন।
নাসার আর্টেমিস কর্মসূচিতেও স্টারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য ১৯৭২ সালের পর প্রথমবারের মতো নভোচারীদের চাঁদের পৃষ্ঠে ফিরিয়ে নেওয়া এবং সেখানে দীর্ঘমেয়াদি উপস্থিতি তৈরি করা। ভবিষ্যতে মানুষকে মঙ্গলগ্রহে পাঠানোর পথে চাঁদকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ব্যবহার করাও এই কর্মসূচির লক্ষ্য।