চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এই সিদ্ধান্ত জানানো হয়।
আতিকুল আলম শাওন ২০১৮ সাল থেকে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নীতি অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি। এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এলডিপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করা ড. রেদোয়ান আহমেদ।
কেন্দ্রীয় বিএনপির চিঠিতে বিভাগভিত্তিক মোট ২৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিভাগ থেকে ৬ জনকে বহিষ্কার করা হয়। কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা-৭ আসন থেকে আতিকুল আলম শাওন এবং কুমিল্লা-২ আসন থেকে ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।