এক বছর আগে হঠাৎ বিয়ের ঘোষণায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তাঁর সেই বিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে ট্রেন্ডিংয়ে ছিল তাহসানের বিয়ের খবর। কিন্তু বছর না গড়াতেই এলো সম্পর্ক ভাঙার সংবাদ।
গত শনিবার তাহসান নিজেই প্রথম আলোকে তাঁদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। খবরটি প্রকাশের পর ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন দেখা দেয়—তুমুল প্রেমের পর বিয়ে, অথচ এত দ্রুত বিচ্ছেদ কেন?
ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, প্রেমের সময়ের তুলনায় দাম্পত্য জীবনে একসঙ্গে থাকার সুযোগ ছিল তুলনামূলকভাবে কম। জানা গেছে, গত সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় সংগীত সফরে যাওয়ার আগেই তাহসান ও রোজা আলাদা থাকতে শুরু করেন। সে সময় মেলবোর্ন থেকে তাহসান গণমাধ্যমকে গান ছাড়ার সিদ্ধান্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন।
পরবর্তীতে তাহসান জানান, ওই সময়েরও আগেই তাঁদের মধ্যে বিচ্ছেদ কার্যত শুরু হয়ে যায়। এরপর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আর কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে। অন্যদিকে, রোজা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন পোস্ট শেয়ার করায় অনেকের ধারণা ছিল—সম্পর্কটি হয়তো এখনো টিকে আছে। তবে ঘনিষ্ঠজনেরা বলছেন, বাস্তব চিত্র ছিল ভিন্ন।
নাম প্রকাশ না করার শর্তে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানান, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তাহসান চেয়েছিলেন আরও ব্যক্তিগত, নিরিবিলি জীবন। সে কারণেই তিনি বিনোদন অঙ্গন থেকে দূরে সরে যাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেন। সংসারকেই দিতে চেয়েছিলেন সর্বোচ্চ গুরুত্ব।
অন্যদিকে, বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বাড়তে থাকে। নতুন এই বাস্তবতাকে তিনি উপভোগ করছিলেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভিন্ন ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে।
ঘনিষ্ঠ মহলের ভাষ্য অনুযায়ী, শুরুতে সেই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা হলেও একসময় মতের অমিল স্পষ্ট হয়ে ওঠে। কাউকে দায়ী না করে, পারস্পরিক সম্মান বজায় রেখেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তাঁরা। জানা গেছে, গেল বছরের শেষ দিকেই বিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে, যার সঙ্গে তিনি নিয়মিত সময় কাটান। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত তাহসান বর্তমান পরিস্থিতিতেও নীরবতাকেই বেছে নিয়েছেন।
ঘনিষ্ঠজনেরা জানান, বিচ্ছেদ হলেও বিষয়টি দুজনই সৌহার্দ্যপূর্ণভাবে সামলেছেন। সম্পর্ক পুনরায় জোড়া লাগার সম্ভাবনা নেই বলেই জানা গেছে। কোনো অভিযোগ নয়—জীবন ও সম্পর্কের বাস্তবতায় ভিন্ন পথে এগোনোর সিদ্ধান্ত হিসেবেই দেখছেন তাঁরা।