বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন নামে ১৮ বছর বয়সী এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন।

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন নামে ১৮ বছর বয়সী এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন।

শুক্রবার(২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে তেজগাঁও সাউদার্ন গ্রুপ কোম্পানির সামনের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ইমনের সাথে থাকা তার বন্ধু ওমর ফারুকও আহত হয়েছেন। দুর্ঘটনার পর পথচারীরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

নিহত শাহরিয়ার ইমন রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের স্থায়ী নিবাস মুগদার মাণ্ডা মধ্যপাড়া এলাকায়। তার বাবার নাম হজরত আলী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমনের মরদেহ শনাক্ত করেন তার ভগ্নিপতি মো. সাদ্দাম হোসেন। তিনি জানান, রাতে মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন ইমন। রাত ২টার দিকে তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে আসেন এবং ইমনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সড়ক দুর্ঘটনার এই মর্মান্তিক ঘটনায় ইমনের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।