ভোটের তফসিল ঘোষণার পর রাজধানীতে শৃঙ্খলা ফেরানোর সরকারি আশ্বাস বাস্তবে খুব একটা কার্যকর হয়নি। বরং ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ঢাকাজুড়ে প্রতিদিনই কোনো না কোনো দাবিকে কেন্দ্র করে আন্দোলন, অবরোধ ও বিক্ষোভে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর জীবন।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় গত ১১ ডিসেম্বর। এরপর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৬ দিনে রাজধানীতে মোট ৮৯টি আন্দোলন হয়েছে। কোনো কোনো দিনে একাধিক সংগঠন একযোগে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধে নামায় যানজটে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, ব্যাহত হয় কর্মঘণ্টা। কোথাও কোথাও আন্দোলনকারীদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
তপশিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। গত ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নির্বাচন পর্যন্ত জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো আন্দোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বেআইনি সমাবেশে অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনা হবে। বাস্তবে তবে রাজধানীতে আন্দোলনের মাত্রা কমেনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, এসব আন্দোলনের মধ্যে অন্তত ২০টিতে রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে সংগঠনটি টানা ১৩ দিনে ১৩টি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। একই দাবিতে জুলাই মঞ্চ দুই দিন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ২১ দিন ধরে কর্মসূচি পালন করে।
সহপাঠীর মৃত্যুর বিচার দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় টানা ৯ দিন মানববন্ধন ও বিক্ষোভ করেন। ব্যাটারিচালিত রিকশা আটক বন্ধের দাবিতে চালকরা চার দিন আন্দোলনে নামেন। সরকারি চাকরি আইন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ অনুমোদনের প্রতিবাদে বাংলাদেশ সচিবালয় সরকারি পরিষদ দুই দিন অবস্থান কর্মসূচি পালন করে।
এ ছাড়া চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতের দাবিতে শিক্ষার্থী সমন্বয় পরিষদ দুই দিন, আউটসোর্সিং কর্মচারীরা চাকরি জাতীয়করণের দাবিতে এক দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দিন, যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল ভারতের আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে হামলার প্রতিবাদে এক দিনের লংমার্চ করে। জুলাই শহীদদের স্মরণসভা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সার্বভৌমত্ব আন্দোলন তিন দিন এবং শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে এবি পার্টি দুই দিন কর্মসূচি পালন করে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছয় দিন ঝটিকা মিছিল করে। আইজিপি বাহারুল আলম অপসারণের দাবিতে নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু স্মৃতি পরিষদ এক দিন আন্দোলন করে। মোবাইল ফোন ব্যবসায়ীরা ছয় দিন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এক দিন, সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ সংক্রান্ত দাবিতে দুই দিন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে পরীক্ষার্থীরা দুই দিন কর্মসূচি পালন করেন।
গত বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব, মহাখালীর আমতলী, টেকনিক্যাল, তাঁতীবাজার ও ফার্মগেটসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মোড় একসঙ্গে অবরোধ করা হয়। এতে নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এর আগে ৪ জানুয়ারি ফার্মগেট, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা ও হাতিরপুল এলাকায় একাধিক অবরোধ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “আমরা সবাইকে অনুরোধ করেছি, তপশিল ঘোষণার পর যেন কেউ রাস্তা অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টি না করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”