সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার দুপুরে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে, এই উপনির্বাচনও সেভাবে প্রশংসিত হবে বলে তারা আশা করছেন। নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

নির্বাচন কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের সময় মাঠের সার্বিক ও চলমান পরিস্থিতি রিয়েল টাইমে নির্বাচন ভবন থেকে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে প্রয়োজনীয় সময়ে যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, বর্তমানে নির্বাচনি মাঠের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে।

এদিকে, উপনির্বাচন সামনে রেখে রোববার দুপুরে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

তফসিল অনুযায়ী, জমা পড়া মনোনয়নপত্র ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চাইলে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সময় রাখা হয়েছে। আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এই উপনির্বাচনকে সামনে রেখে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চালু রেখেছে নির্বাচন কমিশন। ভোট দিতে আগ্রহী সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। এর আগে ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় আসনটি শূন্য হয়।