পুলিশি আটকও থামাতে পারেনি তাদের আন্দোলনের সংকল্প। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে যন্তর মন্তরে চলমান বিক্ষোভে আটক হওয়া অনেক শিক্ষার্থী ও আন্দোলনকারী মুক্তি পাওয়ার পর আবারও ফিরে গেছেন আন্দোলনস্থলে।
বুধবার (২২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার পুলিশের লাঠিচার্জ ও আটকের ঘটনার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে থানা থেকে ছাড়া পাওয়া অনেক বিক্ষোভকারী সরাসরি যন্তর মন্তরে ফিরে যান।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণা, যার স্বপ্ন একজন অধ্যাপক হওয়ার, সোমবার যন্তর মন্তর থেকে আটক হয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান। তার অভিযোগ, আটকের সময় কয়েকজন নারী পুলিশ সদস্য তার চুল ধরে টানাহেঁচড়া করেন। তিনি বলেন, “আমি আগে ভাবতাম পুলিশ মানুষকে সুরক্ষা দেয়। কিন্তু সোমবার তারা আমার চুল ধরে টেনেছে এবং জেলে পাঠানোর কথা বলেছে।”
একই দিন আটক হন ২১ বছর বয়সী দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিংয়ের শিক্ষার্থী সমীর দোরওয়াল। তলস্তয় রোড থেকে আটক হওয়ার পর তিনি মন্দির মার্গ থানায় রাত কাটান। মুক্তি পেয়েই তিনি আবার যন্তর মন্তরে ফিরে আসেন। সমীর জানান, তিনি বাবা-মাকে বলেছিলেন যে বন্ধুর বাড়িতে রয়েছেন, তাই তারা এখনো জানেন না যে তাকে আটক করা হয়েছিল। তবে শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি দেখে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। পাঁচ হাজার টাকার বন্ডে জামিনে মুক্তি পাওয়া সমীরকে আগামী আগস্টে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে হবে।
আইপি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২২ বছর বয়সী শিক্ষার্থী সিদ্ধার্থও আটকের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি বলেন, “পুলিশ যখন আমাকে ধরে, তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরে কী হবে তা নিয়ে কোনো ধারণাই ছিল না। তবে অবাক করা বিষয় হলো, থানায় পুলিশ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে।” তিন দিন ধরে যন্তর মন্তরে অবস্থান করা সিদ্ধার্থের ভাষ্য, এই অভিজ্ঞতা তার আন্দোলনের সংকল্প আরও দৃঢ় করেছে।
আলিগড় থেকে আসা ৩৮ বছর বয়সী সীমা যাদব এবং তার ১৬ বছর বয়সী মেয়ে কৃষ্ণাও সোমবার আটক হন। সীমা জানান, প্রায় ২০ জন পুলিশ সদস্য তাদের আটক করে আলাদা করে দেন। তাকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয় এবং একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। দিল্লিতে আত্মীয়স্বজন না থাকায় তারা পাঁচ দিন ধরে গুরুদুয়ারা বাংলা সাহিবে অবস্থান করেছেন। বর্তমানে মা-মেয়ে আবার যন্তর মন্তরে ফিরে এসে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় যন্তর মন্তরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়, যখন ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা ঘোষণা দেন যে সোমবার আটক হওয়া সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষও যোগ দিচ্ছেন। আন্দোলনকারীরা এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।