ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ওই অঞ্চলে তিনটি বিমানবাহী রণতরি ও দুটি ল্যান্ডিং গ্রুপ পাঠানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ইউএসএস থিওডোর রুজভেল্ট ইতিমধ্যে সান ডিয়েগোর মার্কিন ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের শেষ নাগাদ এসব সামরিক ইউনিটের মোতায়েন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আল-জাজিরা আরবিকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের আশপাশে এসব রণতরি ও ল্যান্ডিং গ্রুপ পুরোপুরি মোতায়েন হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
এর আগে সোমবার সান ডিয়েগো ঘাঁটি ছেড়েছে ‘মেকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্স’। এতে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছে। ফলে বিমানবাহী রণতরির পাশাপাশি স্থল ও উভচর অভিযানের জন্যও অতিরিক্ত মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে।
ওই মার্কিন কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক শক্তি সমবেত করা হচ্ছে। এর ফলে ইরানকে ঘিরে পরিস্থিতির ওপর ভিত্তি করে মার্কিন নীতিনির্ধারক ও সামরিক নেতৃত্বের হাতে বিভিন্ন ধরনের কৌশল বেছে নেওয়ার সুযোগ থাকবে।
আলোচনার পথ খোলা রাখছে তেহরান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ার মধ্যেই কূটনৈতিক পথও খোলা রাখার কথা জানিয়েছে ইরান। যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার বিষয়ে তেহরানের সর্বশেষ প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের দেওয়া প্রতিক্রিয়া এখন পর্যালোচনা করছে ইরান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে তেহরানের কোনো আপত্তি নেই। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম তার বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ‘আমরা কখনো আলোচনা থেকে পিছপা হইনি এবং কখনো হবও না, যদিও চুক্তি স্বাক্ষরের পরও যুক্তরাষ্ট্র আমাদের দেশের ওপর তিনবার হামলা চালিয়েছে।’
অন্যদিকে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা তাদের উড়িয়ে দেব, অথবা কোনো চুক্তি করব, সেই সময় ঘনিয়ে আসছে।’ ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘একভাবে বা অন্যভাবে এটি খুব শিগগির শেষ হতে যাচ্ছে।’
এদিকে চলমান সংঘাত থামানোর চেষ্টা নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য এখনো রয়েছে। কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। ইরান জানিয়েছে, সর্বশেষ প্রস্তাবের জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া তারা পেয়েছে। তবে ওই প্রতিক্রিয়ার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।