ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধ্বংসের ঘটনার পর কঠোর প্রতিক্রিয়ার বার্তা দিয়েছে তেহরান। ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’তে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা করেছেন দেশটির সেনাপ্রধান।
শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেন, শান্তিপূর্ণ মিশন শেষ করে ফেরার পথে যুদ্ধজাহাজটিতে বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা নিউজ এজেন্সি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ইরানে ফিরে আসছিল। সে সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালিয়ে শতাধিক ক্রুকে হত্যা করা হয়। আমরা এই হামলার উপযুক্ত জবাব দেবো।”
তিনি আরও বলেন,
“আইআরআইএস দেনা-এর ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষায় এবং নৌবাহিনীর শক্তিবৃদ্ধি করতে সর্বোচ্চ ত্যাগস্বীকারের জন্য প্রস্তুত আছে।”
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র রাজ্যের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া মিলন ২০২৬ আয়োজন করে ভারত। ওই মহড়ায় বিশ্বের ৭০টিরও বেশি দেশ অংশ নেয় এবং অনেক দেশ নিজেদের যুদ্ধজাহাজ নিয়ে এতে যোগ দেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল ইরান-ও। ইরান তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা নিয়ে মহড়ায় অংশ নেয়।
মহড়া শেষে দেশে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় যুদ্ধজাহাজটি ধ্বংস হয়ে যায়। এতে জাহাজটিতে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন।
নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শ্রীলঙ্কা নৌবাহিনী। পরে শুক্রবার এসব মরদেহ তেহরানের কাছে হস্তান্তর করে কলম্বো।
সূত্র: আলজাজিরা