ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ডিপো ব্যবস্থাপক আহসান হাবিব জ্বালানি তেল পৌঁছানোর এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিপো সূত্রে জানা গেছে, আসামের নুমালিগড় থেকে এই বিপুল পরিমাণ ডিজেল পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাতে সময় লেগেছে মোট ৬০ ঘণ্টা। মূলত উত্তরাঞ্চলের কৃষিনির্ভর আটটি জেলায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় পরিবহন ঝুঁকি এড়াতে এই পাইপলাইন প্রকল্প গ্রহণ করা হয়। ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সাথে ১৫ বছর মেয়াদী এই আমদানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
চুক্তি অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশ মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সুযোগ পাবে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ করেছে। এই জ্বালানি আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬২ কোটি টাকা, যার একটি অংশ বিপিসি নিজস্ব তহবিল থেকে এবং বাকি অংশ ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করবে।
বিপিসি সূত্রে আরও জানা গেছে, আগামী চার মাসের মধ্যে একই পাইপলাইন ব্যবহার করে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই পাইপলাইনের মাধ্যমে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ টন এবং ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে প্রতিবেশী দেশটি।