স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১১ মার্চ) সকালে মিরপুরস্থ পুলিশ স্টাফ কলেজে আয়োজিত ‘ঢাকার নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি উল্লেখ করেন, দ্রুত নগরায়ণ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাস্তায় একজন ট্রাফিক সার্জেন্টের পেশাদারত্ব ও নৈতিকতার ওপরই পুলিশের প্রতি জনগণের আস্থা নির্ভর করে। কারণ, তারা কেবল যানবাহন নিয়ন্ত্রণ করেন না, বরং রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ। প্রবন্ধে ঢাকা মহানগরের যানজটের কারণ, আইন প্রয়োগের বাস্তবতা এবং প্রযুক্তিভিত্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালার আলোচনায় বাস রুট ম্যানেজমেন্ট, গণপরিবহনের উন্নয়ন, অবৈধ পার্কিং উচ্ছেদ, ফুটপাত ব্যবস্থাপনা এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস) মোসলেহ্ উদ্দিন আহমদ এবং অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন। কর্মকর্তারা মনে করেন, এই কর্মশালা থেকে প্রাপ্ত বাস্তবমুখী সুপারিশগুলো ভবিষ্যতে ঢাকার ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনে এবং কার্যকর নগর পরিবহন পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করবে।