প্রায় তিন দশক ধরে ভেনেজুয়েলার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপসারণের পর সেই সামরিক বাহিনী এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যা দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে।
গত প্রায় ২৭ বছর ধরে ভেনেজুয়েলার সামরিক বাহিনী—জাতীয় বলিভারিয়ান সশস্ত্র বাহিনী (ফানব)—হুগো চাভেজ ও নিকোলাস মাদুরোর সরকারের নির্ভরযোগ্য মিত্র হিসেবে কাজ করেছে। এই সময়কালে চাভেজ ও মাদুরো ধীরে ধীরে পশ্চিমা উদার গণতন্ত্রের বিকল্প খোঁজার পথ ছেড়ে কর্তৃত্ববাদী শাসনের দিকে অগ্রসর হন।
এর বিনিময়ে সেনাবাহিনী পায় নজিরবিহীন রাজনৈতিক ক্ষমতা। মন্ত্রীসভা, গভর্নর পদ, মেয়র, রাষ্ট্রদূত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসানো হয় সামরিক কর্মকর্তাদের। একই সঙ্গে আগের রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া এবং বিরোধীদের দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফানব।
তবে সেই ‘রাষ্ট্রের রক্ষক’ ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগে গত শনিবার, যখন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ভেনেজুয়েলার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা থেকে মাদুরোকে অপহরণ করে। এই অভিযান ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক প্রযুক্তির দুর্বলতা প্রকাশ করে দেয়।
এর ফলে সেনাবাহিনীর সামনে স্পষ্ট একটি সিদ্ধান্ত হাজির হয়েছে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও কারাকাসে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন রাজনৈতিক সমঝোতার গ্যারান্টর হিসেবে ভূমিকা নেওয়া, নাকি আরও মার্কিন সামরিক হামলার ঝুঁকি নিয়ে নিজেদের ক্ষমতা ও মর্যাদা হারানোর পথে যাওয়া।
উত্থান থেকে সংকটে
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফানব শুধু প্রতিরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও তাদের প্রভাব ব্যাপকভাবে বেড়েছে। অনেক জায়গায় তারা কার্যত রাষ্ট্র ও স্থানীয় পুলিশের ভূমিকা প্রতিস্থাপন করেছে।
এই প্রক্রিয়া আরও জোরদার হয় ২০২৪ সালের ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনের পর। ওই নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগে মাদুরো সরকার ভয়াবহ বৈধতা সংকটে পড়ে। এর পর ভেনেজুয়েলায় কার্যত একটি পুলিশি রাষ্ট্র গড়ে ওঠে, যেখানে বিরোধীদের ওপর নজরদারি ও দমন-পীড়ন নতুন মাত্রা পায়।
ক্ষমতায় টিকে থাকতে সরকার সেনাবাহিনীর ওপর নির্ভরতা বাড়ায়। ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (পিএসভিইউ), ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত আধাসামরিক গোষ্ঠী এবং রাজনৈতিক, বিচারিক ও সামরিক পুলিশকে একত্র করে একটি নিরাপত্তা কাঠামো তৈরি করা হয়, যাকে সরকার আখ্যা দেয় “সিভিক-মিলিটারি-পুলিশ ইউনিয়ন”।
মাদুরো-পরবর্তী বাস্তবতা
এই ক্ষমতাই প্রমাণ করে, ভেনেজুয়েলায় যে কোনো রাজনৈতিক রূপান্তরে সেনাবাহিনী অপরিহার্য। বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক বা বলপ্রয়োগ—যে পথেই সরকার গঠিত হোক না কেন, সেনাবাহিনীর সমর্থন ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়।
এই বাস্তবতা অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ক্ষেত্রেও প্রযোজ্য। মাদুরো-পরবর্তী রাজনৈতিক রূপান্তরে ট্রাম্প প্রশাসনের সম্মতি পেলেও, দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা ঠেকাতে তাকে সেনাবাহিনীর পূর্ণ সমর্থন প্রয়োজন। সেনাবাহিনীর ভেতরে রদ্রিগেজের গ্রহণযোগ্যতাই মূলত যুক্তরাষ্ট্রকে বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাডোর পরিবর্তে তার ওপর আস্থা রাখতে উৎসাহিত করেছে।
তবে একই সঙ্গে মাদুরোর অপহরণ ফানবের দুর্বলতাও স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির তুলনায় ভেনেজুয়েলার সামরিক সক্ষমতার বিশাল বৈষম্য দেশটিকে ভবিষ্যৎ হামলার ঝুঁকিতে রাখছে—যদিও ট্রাম্প আপাতত এমন পরিকল্পনার কথা অস্বীকার করেছেন।
এই সম্ভাব্য হুমকিই সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় চাপ, যা তাদের রদ্রিগেজ নেতৃত্বাধীন রাজনৈতিক রূপান্তরের অংশ হতে রাজি করাতে পারে।
সেনাবাহিনীর সামনে করণীয় কী
ভেনেজুয়েলার সামরিক নেতৃত্ব চায় রাজনীতিতে নিজেদের প্রভাব যতটা সম্ভব ধরে রাখতে। তবে তা করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যা এত দিন কল্পনাও করা যায়নি।
প্রথমত, মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থেকে নিজেদের দূরে সরাতে হবে—যা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযানের প্রধান যুক্তি হিসেবে ব্যবহার করেছে।
দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নতুন তেল চুক্তি মেনে নিতে হতে পারে, যেখানে মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল মজুত ও উৎপাদনে উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ পেতে পারে।
তৃতীয়ত, বেসামরিক জনগণের ওপর দমনমূলক ভূমিকা কমাতে হতে পারে সেনাবাহিনীকে। বাস্তবে এর অর্থ হলো বর্তমান পুলিশি রাষ্ট্র কাঠামো এবং তথাকথিত “সিভিক-মিলিটারি-পুলিশ ইউনিয়ন”-এ তাদের ভূমিকা সীমিত করা।
সবশেষে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে সেনাবাহিনীর ঐক্য দৃঢ় করতে হবে। কারণ ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের একমাত্র সরাসরি চ্যানেল তিনি। মাদুরোর বিদায়ের পর সৃষ্ট অস্থিরতার মধ্যে দেশের স্থিতিশীলতা রক্ষার যুক্তিতে এই অবস্থান ব্যাখ্যা করতে পারে সামরিক নেতৃত্ব।
মূলত এসব পরিবর্তন মেনে নেওয়ার অর্থ হবে—রদ্রিগেজ ও ট্রাম্পের মধ্যে হওয়া সমঝোতার গ্যারান্টর হিসেবে সেনাবাহিনীর ভূমিকা নেওয়া এবং মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলায় স্থিতিশীল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। এমন মডেল যুক্তরাষ্ট্রের কাছে নতুন নয়; মিসর থেকে পাকিস্তান ও থাইল্যান্ড পর্যন্ত বহু দেশে সামরিক-নির্ভর রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে ওয়াশিংটন দীর্ঘদিন কাজ করে এসেছে।
ভেনেজুয়েলার সেনাবাহিনীর সামনে এখন বিকল্প খুবই সীমিত। ট্রাম্প ও রদ্রিগেজের সঙ্গে সমন্বয়ে ব্যর্থ হলে নতুন করে মার্কিন সামরিক হামলার ঝুঁকি তৈরি হতে পারে, যা সেনাবাহিনী ও বর্তমান রাজনৈতিক নেতৃত্ব—উভয়েরই
বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা আরও বাড়িয়ে দেবে।
আল জাজিরার প্রতিবেদন