বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে টর্চ জ্বেলে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে খেলার মাঠের নিয়ন্ত্রণ ও ব্যবহারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠ এলাকায় এই লঙ্কাকাণ্ড ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ২০টিরও বেশি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে টর্চ জ্বেলে সংঘর্ষ, আহত ৩০
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে খেলার মাঠের নিয়ন্ত্রণ ও ব্যবহারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত রবিবার রাতে পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠ এলাকায় এই লঙ্কাকাণ্ড ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ২০টিরও বেশি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ঘোড়াকান্দা এলাকার বালুর মাঠে একপাশে ফুটবল ও অন্যপাশে ক্রিকেট খেলা চলছিল। মাঠের জায়গা নিয়ে স্থানীয় মোল্লাবাড়ি এবং পলাশ সিনেমার মোড় এলাকার যুবকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। প্রথম দফায় প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘাতের পর পরিস্থিতি কিছুটা থিতিয়ে এলেও রাত ৮টার দিকে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দ্বিতীয় দফায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট-পাটকেল নিয়ে মাঠে নামে। অন্ধকারের মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে চলে এই ভয়াবহ সংঘর্ষ। এ সময় একটি মসজিদসহ বেশ কিছু দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, খেলার মাঠকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই এই সংঘাতের সূত্রপাত। পুলিশি তৎপরতায় বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।