প্রবল তুষারপাত এবং অবিরাম বৃষ্টির কবলে পড়ে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন শহর এবং পাঞ্জাবের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুরি এখন তুষারের চাদরে ঢাকা। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মুরিতে ইতিমধ্যেই প্রায় ১৪ ইঞ্চি তুষারপাত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে মুরি এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন করে পর্যটকদের ওই এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় প্রশাসন।
মুরির ডেপুটি কমিশনার আগা জহির শিরাজি জানিয়েছেন, সড়ক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তবে আগে থেকে অবস্থান করা পর্যটকদের চলাচলে কোনো বাধা নেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত এই তুষারপাত ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম স্থবিরতা নেমে এসেছে।
অন্যদিকে খাইবার পাখতুনখোয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ভারী তুষারে তিরাহ উপত্যকা ও বাগ ময়দানসহ বিভিন্ন এলাকায় কয়েকশ পরিবার আটকা পড়েছে। আটকে পড়া মানুষদের সহায়তায় ১০০ জনেরও বেশি উদ্ধারকর্মী ও দুই ডজনের মতো বিশেষ যানবাহন নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে রেসকিউ ১১২২। শুক্রবার বিকেল পর্যন্ত তারা তিরাহ অঞ্চল থেকে অর্ধশত গাড়ি ও শতাধিক মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে শিশুদের সোয়েটার এবং অন্যান্য ক্ষতিগ্রস্তদের জন্য কম্বলসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রদেশটির শাংলা জেলায় কারাকোরাম হাইওয়েসহ প্রধান সড়কগুলো তুষারের নিচে চাপা পড়ায় চীন ও পাকিস্তানের মধ্যকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া বিশাল এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া তুষারপাত শুক্রবার সকালেও অব্যাহত ছিল। অনেক জেলায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেলেও সেগুলো সচল করতে উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে।
আজাদ কাশ্মীরের পরিস্থিতিও বেশ সংকটাপন্ন। মুজাফফরাবাদ শহরে দীর্ঘ কয়েক বছর পর এবার হালকা তুষারপাত লক্ষ্য করা গেছে। তবে নীলম উপত্যকায় তিন ফুটের বেশি তুষারপাত হওয়ায় সেখানকার জনজীবন অচল হয়ে পড়েছে। লিপা উপত্যকা, ঝিলাম ভ্যালি এবং পুঞ্চসহ আশপাশের জেলাগুলোতে তুষারের স্তূপ জমে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। পাহাড় ধস ও অতিরিক্ত বরফের কারণে দুর্গম এলাকার মানুষ এখন খাদ্য ও বিদ্যুৎ সংকটের মুখে পড়েছেন।