জাতীয় গণভোটকে কেন্দ্র করে ভোটের পক্ষে–বিপক্ষে বিতর্কের মধ্যে ঢালাও রাজনৈতিক অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, সরকারের উদ্দেশ্য জুলাই সনদ বাস্তবায়নের জন্যই ‘হ্যাঁ’ ভোট চাওয়া। কিন্তু, “যারা ফ্যাসিবাদের সহযোগী, যারা গণমানুষের প্রতিপক্ষ, একমাত্র তারাই ‘না’ ভোট চাচ্ছে।”
শুক্রবার সকালে রংপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। তাঁর ভাষ্য, “ছাত্র-জনতার অনেক রক্ত ও ত্যাগের মধ্য দিয়ে গণঅভুত্থ্যানে ফ্যাসিস্ট সরকার পরাজিত হয়েছে। সেই গণঅভুত্থ্যানের মাধ্যমে এই সরকার এসেছে।”
তিনি আরো বলেন, এ দেশের সাধারণ মানুষ, জনতার কাফেলা ও জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে; যারা ‘না’ চান তাদের উদ্দেশ্য ভিন্ন।
উল্লেখ্য, স্মৃতিস্তম্ভ পরিদর্শনের পর উপদেষ্টা আদিলুর রহমান রংপুরের আরডিএ ও তাজহাট জমিদারবাড়ি পরিদর্শন করেন, এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এরপর মিঠাপুকুরে এলজিইডি সড়ক ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে শানেরহাটে নির্মিত সড়ক ঘুরে দেখেন তিনি। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান ও পুলিশ সুপার মারুফত হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।