ইরানে চলমান সামরিক অভিযানে গত ১০ দিনে ৫ হাজারের বেশি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সেন্টকোমের বিবৃতি অনুযায়ী, ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুর মধ্যে ৫০টিরও বেশি ইরানি যুদ্ধজাহাজ ও নৌযান রয়েছে। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম), ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানা, সামরিক যোগাযোগ কেন্দ্র এবং কমান্ডকেন্দ্রও হামলার লক্ষ্যবস্তু ছিল।
ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান চালায়।
যুদ্ধের প্রথম দিন ২৮ অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো এবং কয়েকটি তেলের ডিপো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে এসব হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।
সূত্র : এএফপি