বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

যুদ্ধের ১৪তম দিনে ইরানে নিহতের সংখ্যা ২ হাজার, ইসরায়েলে ১৫

ইরানকে ঘিরে চলমান সংঘাত এখন ১৪তম দিনে পৌঁছেছে। ক্রমবর্ধমান এই যুদ্ধে ইরানের বেসামরিক নাগরিক ও সামরিক সদস্য মিলিয়ে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে হিসাব দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এছাড়াও যুদ্ধ সংশ্লিষ্ট দেশগুলোয় হতাহতের সংখ্যা আরও বাড়ছে। সবচেয়ে সাম্প্রতিক ঘটনায় ইরাকে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান বিধ্বস্ত হলে যুক্তরাষ্ট্রের ছয়জন পরিষেবা সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যুদ্ধের ১৪তম দিনে ইরানে নিহতের সংখ্যা ২ হাজার, ইসরায়েলে ১৫

ইরানকে ঘিরে চলমান সংঘাত এখন ১৪তম দিনে পৌঁছেছে। ক্রমবর্ধমান এই যুদ্ধে ইরানের বেসামরিক নাগরিক ও সামরিক সদস্য মিলিয়ে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে হিসাব দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এছাড়াও যুদ্ধ সংশ্লিষ্ট দেশগুলোয় হতাহতের সংখ্যা আরও বাড়ছে। সবচেয়ে সাম্প্রতিক ঘটনায় ইরাকে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান বিধ্বস্ত হলে যুক্তরাষ্ট্রের ছয়জন পরিষেবা সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরান ও উপসাগরীয় দেশগুলোসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলোয় এ পর্যন্ত নিহতের বিষয়ে যা জানা গেছে—

ইরান :

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বুধবার জানিয়েছেন, সংঘাত শুরুর পর থেকে দেশে ১৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ (এইচআরএএনএ)-এর সর্বশেষ তথ্য বলছে, নিহতের সংখ্যা আরও বেশি। শুক্রবার প্রকাশিত তাদের হিসাব অনুযায়ী বেসামরিক ও সামরিক মিলিয়ে অন্তত ১৮৫৮ জন প্রাণ হারিয়েছেন। ইরানের সরকারি কর্তৃপক্ষ এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিহতদের হালনাগাদ তালিকা প্রকাশ করেনি।

লেবানন :

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটিতে অন্তত ৭৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০৩ জন শিশু রয়েছে।

ইসরায়েল :

এ পর্যন্ত অন্তত ১৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেইত শেমেশ শহরের একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় মারা যাওয়া নয়জন রয়েছেন। এছাড়া রোববার সকালে দক্ষিণ লেবাননে দুইজন ইসরায়েলি সেনাও নিহত হন।

যুক্তরাষ্ট্র :

সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন পরিষেবা সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার ইরাকে জ্বালানি সরবরাহকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। এছাড়া রোববার কুয়েতে একটি অস্থায়ী অপারেশন সেন্টারে ইরানি হামলায় আরও ছয়জন মার্কিন পরিষেবা সদস্য প্রাণ হারান।

ইরাক :

ইরাকে মোট ৩২ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ‘পপুলার মোবিলাইজেশন ফোর্স’ (পিএমএফ)-এর সদস্য। পিএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তাদের অন্তত ২৭ জন যোদ্ধা নিহত হয়েছেন। একই দিনে ইরাকি কুর্দিস্তানে একটি সামরিক ঘাঁটিতে হামলায় একজন ফরাসি সেনাও নিহত হন।

কুয়েত :

কুয়েতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ৪ মার্চ একটি আবাসিক এলাকায় শ্রাপনেল বা স্প্লিন্টার পড়ে আহত হওয়ার পর সে মারা যায়।

সংযুক্ত আরব আমিরাত :

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, এক হামলার ঘটনায় আমিরাতি, পাকিস্তানি, নেপালি ও বাংলাদেশি নাগরিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

বাহরাইন :

গত সপ্তাহে বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি ‘বিদেশি জাহাজে’ বাধা দেওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগার ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া রাজধানী মানামায় ইরানি হামলায় ২৯ বছর বয়সী এক বাহরাইনি নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওমান :

ওমানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে একটি চালকবিহীন নৌকা তেলবাহী ট্যাঙ্কারে আঘাত করলে সেখানে কর্মরত একজন ভারতীয় নাগরিক নিহত হন। এছাড়া সোহর জেলায় একটি ড্রোন বিধ্বস্ত হয়ে দুজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন বলে শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

সৌদি আরব :

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ৮ মার্চ আল-খারজ শহরে একটি সামরিক প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হানলে দুইজন নিহত হন।