বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

পুলিশ মামলার বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়। ফ্লাইট থেকে নেমে যাত্রীরা ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় গেলে সেখানে ট্রলির সংকট দেখা দেয়। লাগেজ হাতে পেতে দেরি হওয়ায় একপর্যায়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে

বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
চিত্র: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার বিমানবন্দরে ঘটে যাওয়া ওই ঘটনার পর আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছিল। সেই মামলাতেই একদিন পর তাকে গ্রেপ্তার করা হলো।

মামলার এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃতভাবে অপমান ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সাধারণ যাত্রীদের সংগ্রহ করা পবিত্র জমজমের পানির বোতল ক্ষতিগ্রস্ত করা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ মামলার বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়। ফ্লাইট থেকে নেমে যাত্রীরা ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় গেলে সেখানে ট্রলির সংকট দেখা দেয়। লাগেজ হাতে পেতে দেরি হওয়ায় একপর্যায়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেখানে গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার সময় আখতারুজ্জামান আক্রমণাত্মক ভঙ্গিতে রাগীব সামাদের দিকে এগিয়ে যান। এ সময় তিনি বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ করে ‘আমি কিন্তু পিটাবো ধইরা’ এবং ‘ঘাড় ধরে বের করে দিবো’—এ ধরনের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় বিমান ও পর্যটনমন্ত্রীকে নিয়েও আখতারুজ্জামান অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছ

এজাহারে বলা হয়েছে, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত কেপিআই এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। সেখানে দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণ না করতে নিষেধ করেন।

এ ঘটনায় আখতারুজ্জামান ক্ষুব্ধ হয়ে ওই নিরাপত্তা কর্মকর্তাকে গালিগালাজ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও আনা হয়।

ঘটনার তদন্তে বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। তাদের ভাষ্য, সংগৃহীত তথ্য-প্রমাণ যাচাই করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।