বিএনপি সরকার গঠনের আট মাস পর প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তাঁর বাংলাদেশে আসার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে গত জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন। ওই সফরের সঙ্গে চীন সফরও যুক্ত করেছিলেন তিনি।
দুই দশক পর বিএনপি সরকারে ফেরার পর গত ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন দুই নেতা।
বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, উচ্চপর্যায়ের সফরসহ নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় জোরদার করতে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়গুলোতে যোগাযোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের প্রয়োজনীয়তার বিষয়েও দুই নেতা একমত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে হওয়া আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ক নতুন করে গতিশীল করার সুযোগ তৈরি হবে আনোয়ার ইব্রাহিমের এই সফরে।
ওই কর্মকর্তা জানান, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার এজেন্ডায় থাকতে পারে।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।