সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় করা এ মামলায় আবদুল হালিমকে একমাত্র এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) মামলাটি করেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি বলেন, আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী মামলাটি তদন্ত করবেন।
মামলার তদন্ত কর্মকর্তা মহসীন চৌধুরী বলেন, ‘আমাকে মামলা তদন্তকারী করা হয়েছে। এতটুকু জানি।’
এজাহারে যা বলা হয়েছে
মামলার এজাহার অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে আবদুল হালিম ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন বাদী।
এজাহারে বলা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ইদ্রিস আলী এজাহারে আরও বলেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করে নিয়েছেন।
এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ইদ্রিস আলী। এ কারণে তিনি সপরিবারে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
এজাহারে বলা হয়েছে, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। এতে আতঙ্কিত হয়ে থানায় এজাহার দিয়েছেন তিনি। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন হামলার ঘটনায় মামলা করতে পারেননি বলেও উল্লেখ করেছেন বাদী।
ইদ্রিস আলী বলেন, ‘আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলাম। কেনা জমিটা হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। গত বছরের ঘটনায় থানায় মামলা করেছি।’
মামলার বিষয়ে জানেন না আবদুল হালিম
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়টি জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেক মানুষের সাথে বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সে পলাতক বলে জানি।’
তিনি আরও বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটা বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে এখনো কিছুই জানি না।’
নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন
এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। নুসরাতসহ এনসিপির নেতারা অভিযোগ করেন, বাড়িটিতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে।
পরদিন বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। পুরোনো বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কারণে শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা বেশি। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
শুক্রবার পোড়া বাড়িটি পরিদর্শন করেন পল্লী বিদ্যুতের কুষ্টিয়া জেলার প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে মিটার, তার, মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচ এবং কাটআউট পরীক্ষা করেছেন। কাটআউট অক্ষত ছিল। ট্রান্সফরমারের ফিউজ ও মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও কাটেনি। তাঁর ভাষ্য, এ অবস্থায় শর্টসার্কিটের কোনো সুযোগ নেই।