চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১ হাজার ৮৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা স্থগিত রাখার পর বিক্ষোভের মুখে তা ছাড় করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার (৭ অক্টোবর) সকালে বেতন-ভাতা ছাড়ের দাবিতে সোনালী ব্যাংকের চুয়েট শাখা ঘেরাও করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলন শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যেই তাঁদের বেতন-ভাতা ছাড় করা হয়।
নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নির্দেশে এই বেতন-ভাতা স্থগিত করা হয়েছিল। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপককে চিঠি দিয়ে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা স্থগিত রাখার নির্দেশ দেন তিনি।
চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আগে কখনো তাঁদের বেতন বন্ধ হয়নি। অথচ নতুন উপাচার্য বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন। আন্দোলনের মাধ্যমে তাঁরা নিজেদের ন্যায্য পাওনা আদায় করে নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, চুয়েটে ৩৬৭ জন শিক্ষক, ২০৮ জন কর্মকর্তা ও ৫১২ জন কর্মচারী রয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, টানা ১৫ দিন ধরে চলা উপাচার্যবিরোধী আন্দোলনে সংহতি জানানোর কারণে তাঁদের ওপর চাপ সৃষ্টি করতে বেতন-ভাতা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে দুর্গাপূজার আগে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়।
মঙ্গলবার ব্যাংক শাখার ব্যবস্থাপককে পাঠানো চিঠিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, তাঁর পূর্বানুমোদন ছাড়া ব্যাংকে বেতনের বিল পাঠানো অননুমোদিত ও বেআইনি। চুয়েট আইন ২০০৩-এর ধারা ১৩(৭) অনুযায়ী, উপাচার্যের সুস্পষ্ট অনুমোদন ছাড়া যেকোনো আর্থিক লেনদেন আইনত অবৈধ বলে তিনি উল্লেখ করেন। ব্যাংক বেতন-ভাতার অর্থ ছাড় করলে বেআইনি আর্থিক লেনদেনে সহায়তার জন্য তাদেরও যৌথভাবে দায়ী করা হবে বলে চিঠিতে জানান তিনি। একই সঙ্গে নির্দেশ অমান্যকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
তবে উপাচার্যের বক্তব্যের বিষয়ে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন-বোনাস পরিশোধে উপাচার্যের স্বাক্ষরের প্রয়োজন হয় না। হিসাব নিয়ন্ত্রক ও উপহিসাব নিয়ন্ত্রকের স্বাক্ষরেই ব্যাংক থেকে বেতন-বোনাস ছাড় করা হয়। সেই নিয়ম অনুসারে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার বিলেও তাঁরা স্বাক্ষর করে ব্যাংকে জমা দিয়েছিলেন। কিন্তু উপাচার্যের চিঠির কারণে তা স্থগিত রাখা হয়।
তিনি বলেন, বুধবার ব্যাংকের সামনে অবস্থান নেওয়ার পর বেতন-ভাতা ছাড় করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এর আগে বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হলেও কখনো বেতন-বোনাস বন্ধ হয়নি। এবারের ঘটনাকে তিনি ন্যক্কারজনক বলে মন্তব্য করেন।
সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিক বলেন, প্রতি মাসের মতো গত মাসেও হিসাব নিয়ন্ত্রক ও উপহিসাব নিয়ন্ত্রকের স্বাক্ষর করা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার শিট গ্রহণ করা হয়েছিল। তবে উপাচার্যের চিঠির কারণে তা স্থগিত রাখা হয়। বুধবার সকালে বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাধারণত প্রতি মাসের ৩০ বা ৩১ তারিখের মধ্যে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়। তবে সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ে না পাওয়ায় বিপাকে পড়েন তাঁরা।
এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই নতুন উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। বুধবার পর্যন্ত টানা ১৬ দিন ধরে চলা এ আন্দোলনের কারণে চুয়েটে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির রয়েছে।
সারাদেশ
চুয়েটে ব্যাংক ঘেরাও, আধা ঘণ্টায় ১,০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন ছাড়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১ হাজার ৮৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা স্থগিত রাখার পর বিক্ষোভের মুখে তা ছাড় করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার (৭ অক্টোবর) সকালে বেতন-ভাতা ছাড়ের দাবিতে সোনালী ব্যাংকের চুয়েট শাখা ঘেরাও করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলন শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যেই তাঁদের বেতন-ভাতা ছাড় করা হয়।