যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের ফ্যাসিবাদের সহযোগী হিসেবে উল্লেখ করা কয়েকজন ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অশালীন ভাষায় কথা বলে তাঁকে হেনস্তা করেছেন। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ড. ইউনূসকে হেনস্তার মাধ্যমে দেশের সব নাগরিক এবং রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে বাংলাদেশকে অপমানিত ও হেয় করা হয়েছে। দেশের মর্যাদা সমুন্নত রাখতে বিদেশের মাটিতে সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের আচরণ করা কারও জন্যই সমীচীন নয়। তিনি সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির আরও অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তি দেশ থেকে বিতাড়িত হওয়ার পরও বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী এবং সফররত দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।