শুক্রবার, 20 নভেম্বর 2026
সকল বিভাগ

টুঙ্গিপাড়ায় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, সড়কের ছয় স্থানে অবরোধ

গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বুধবার সকাল থেকে মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করায় যান চলাচল বন্ধ রয়েছে। অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়।

টুঙ্গিপাড়ায় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, সড়কের ছয় স্থানে অবরোধ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বুধবার সকাল থেকে মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করায় যান চলাচল বন্ধ রয়েছে। অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে গিয়ে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা যায়।

সড়ক অবরোধ করা কয়েকজন যুবকের সঙ্গে কথা হয় পাটগাতী বাজারে। তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন কমিটির পদে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন বলেন, ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়ন করতে তাঁরা মাঠে রয়েছেন।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোটরসাইকেলে পাটগাতী বাজারের পাশাপাশি গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের গিমাডাঙ্গা ও কুশলী এলাকা ঘুরে দেখেন এই প্রতিবেদক। পাটগাতী থেকে গিমাডাঙ্গার দূরত্ব প্রায় তিন কিলোমিটার। কুশলী এলাকা প্রায় ছয় কিলোমিটার দূরে। পাটগাতীর মতো গিমাডাঙ্গা ও কুশলীতেও সড়ক অবরোধ করে মহড়া দিচ্ছিলেন নেতা-কর্মীরা। সড়ক অবরোধের ছবি তুলতে দেওয়া হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়।

এই তিন এলাকার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। এ ছাড়া গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের খালেকবাজার, সিঙ্গিপাড়া ও মালেকবাজার এলাকাতেও অবরোধ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেন। থানা চত্বরে থাকা পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বিজিবির একটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিভিন্ন সময় পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে মঙ্গলবার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশ থেকে আটক করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় একটি দোকানে ক্যারম খেলতে থাকা কয়েকজন স্থানীয় তরুণকেও আটক করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় পুলিশ।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্য, স্থানীয় লোকজন আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানালেও পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যার পর বঙ্গবন্ধুর সমাধিসৌধের ১ নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি চালায় পুলিশ। অন্যদিকে আটক যুবকদের মুক্তির দাবিতে স্থানীয় কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

স্থানীয় একাধিক সূত্র আরও জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আটক নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হলে বিক্ষোভ করা হবে না—এমন বার্তা পুলিশকে দেওয়া হয়েছিল। তবে একপর্যায়ে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই সময় তাঁরা ঘোষণা দেন, আটক নেতা-কর্মীদের মুক্তি না দিলে থানা ঘেরাও করবেন।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে যান। পরে তাঁরা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান।

থানায় হামলার পর মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির দিকে যান। সেখানে প্রথমে বাড়ির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। পরে আগুন দেওয়া হয়। জিলানীর বাড়ির পাশাপাশি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদ ইমামের ঘরেও আগুন দেওয়া হয়।

এস এম জিলানীর ভাই হায়দার আলী বলেন, ‘গতকাল রাত আনুমানিক আটটার দিকে আওয়ামী লীগ–যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) চার শ থেকে পাঁচ শ নেতা-কর্মী মিছিল নিয়ে বাড়িতে আসেন। প্রথমে বাড়ি ভাঙচুর ও লুটপাট করার পর আগুন দেওয়া হয়।’

হায়দার আলী আরও বলেন, তাঁর ছোট বোনের ১০ ভরি স্বর্ণালংকার এবং ভাগনির আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন হামলাকারীরা। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওভেনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। পরে বাড়িতে ভাঙচুর চালিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।