শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার

সেন্ট্রাল ভূমধ্যসাগরে বিপদে পড়া ১০১ জন অভিবাসীকে উদ্ধার করেছে বেসরকারি মানবিক সহায়তা সংস্থা এসওএস মেদিতেরানের জাহাজ ওশান ভাইকিং। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিশু ও পাঁচজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসার জন্য ইতালির কোস্টগার্ডের একটি টহল নৌযানে করে ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে। এ সময় তাঁর স্বামীও সঙ্গে ছিলেন।

ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার

সেন্ট্রাল ভূমধ্যসাগরে বিপদে পড়া ১০১ জন অভিবাসীকে উদ্ধার করেছে বেসরকারি মানবিক সহায়তা সংস্থা এসওএস মেদিতেরানের জাহাজ ওশান ভাইকিং। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিশু ও পাঁচজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসার জন্য ইতালির কোস্টগার্ডের একটি টহল নৌযানে করে ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে। এ সময় তাঁর স্বামীও সঙ্গে ছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত থেকে বুধবার (৭ অক্টোবর) ভোর পর্যন্ত দুটি পৃথক অভিযানে এই ১০১ জনকে উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসওএস মেদিতেরান জানায়, প্রথম উদ্ধার অভিযানটি লিবিয়ার অনুসন্ধান ও উদ্ধার এলাকায় পরিচালিত হয়। ভূমধ্যসাগরে সক্রিয় বেসরকারি সংস্থা অ্যালার্ম ফোনের সতর্কবার্তার পর অভিযান শুরু করা হয়।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের একটি বিমান থেকেও সতর্কবার্তা দেওয়া হয়। প্রথম নৌকাটিতে ৬০ জন অভিবাসী ছিলেন। তাঁদের মধ্যে ২৭ জন পুরুষ, ২১ জন নারী ও ১২টি শিশু ছিল। নারীদের মধ্যে পাঁচজন অন্তঃসত্ত্বা ছিলেন। শিশুদের মধ্যে চারজনের বয়স ছিল ১ থেকে ৪ বছরের মধ্যে।

ওশান ভাইকিং কর্তৃপক্ষ জানায়, প্রথম নৌকার যাত্রীরা দুই দিন ধরে সমুদ্রে ছিলেন। এ সময় তাঁদের কাছে কোনো পানি বা খাবার ছিল না।

জ্বালানির কারণে শরীরে পোড়ার ক্ষত

এসওএস মেদিতেরান জানায়, উদ্ধার হওয়া অনেক অভিবাসীর শরীরে জ্বালানির কারণে পোড়ার ক্ষত রয়েছে। সমুদ্রের পানির সঙ্গে পেট্রল মিশে রাসায়নিক বিক্রিয়া তৈরি হলে শরীরে গুরুতর পোড়া ক্ষত হতে পারে।

সাধারণত নৌকার মাঝখানের মেঝেতে এবং জ্বালানির কাছাকাছি অবস্থান করা ব্যক্তিরা এ ধরনের ক্ষতির শিকার হন।

উদ্ধার হওয়া অন্তঃসত্ত্বা নারীদের একজনকে চিকিৎসার প্রয়োজনে ল্যাম্পেদুসায় নেওয়া হয়। ইতালির কোস্টগার্ডের একটি টহল নৌযানে করে তাঁকে দ্বীপটিতে স্থানান্তর করা হয়। তাঁর স্বামীও সঙ্গে ছিলেন।

দ্বিতীয় উদ্ধার অভিযানটি বুধবার ভোরে মাল্টার অনুসন্ধান ও উদ্ধার এলাকায় পরিচালিত হয়। এসওএস মেদিতেরান জানায়, অ্যালার্ম ফোনের সতর্কবার্তায় জানা যায়, আংশিকভাবে বাতাস বের হয়ে যাওয়া একটি নৌকা বিপদে পড়েছে।

নৌকাটিতে ৪১ জন অভিবাসী ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জন পুরুষ, সাতজন নারী এবং ১৬ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক ছিলেন। দ্বিতীয় নৌকার যাত্রীরাও দুই দিন ধরে সমুদ্রে ছিলেন এবং তাঁদের কাছেও কোনো খাবার বা পানি ছিল না।

উদ্ধার হওয়া অভিবাসীদের তীরে নামিয়ে দিতে ওশান ভাইকিংকে ইতালির নেপলস বন্দরে যেতে হবে। এসওএস মেদিতেরানের মতে, দীর্ঘ এই যাত্রার কারণে উদ্ধার হওয়া ব্যক্তিদের নাজুক শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে।

উদ্ধারকারী জাহাজের চলাচলে বিধিনিষেধ

উদ্ধারকারী জাহাজগুলোর দীর্ঘ যাত্রার পেছনে রয়েছে ২০২২ সালে চালু হওয়া পিয়ান্তেদোসি ডিক্রি। এই বিধির আওতায় ভূমধ্যসাগরে উদ্ধারকারী জাহাজগুলোর কার্যক্রম পরিচালনায় বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এর অন্যতম শর্ত হলো, কোনো জাহাজ প্রথমবার উদ্ধার অভিযান চালানোর পর ইতালির সরকার নির্ধারিত বন্দরের উদ্দেশে দ্রুত রওনা দিতে হবে। ফলে রোমের কাছ থেকে বিশেষ অনুমতি না পাওয়া পর্যন্ত জাহাজটির পক্ষে নতুন কোনো উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।

অর্থাৎ, সমুদ্রে অভিবাসীদের উদ্ধারের পর মানবিক সহায়তাকারী জাহাজকে সরকার নির্ধারিত বন্দরে সরাসরি যেতে হয়। কাছাকাছি অন্য কোনো নৌকা বিপদে পড়লেও বিশেষ অনুমতি ছাড়া সেখানে গিয়ে উদ্ধার অভিযান চালানো যায় না।

মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর মতে, এ বিধির কারণে উদ্ধারকারী জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার এলাকার কাছ থেকে অনেক দূরের বন্দরে যেতে হচ্ছে। এতে সমুদ্রে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে এবং জাহাজগুলো দীর্ঘ সময়ের জন্য মধ্য ভূমধ্যসাগরের উদ্ধার এলাকা থেকে দূরে থাকছে।

সেন্ট্রাল ভূমধ্যসাগর অভিবাসীদের ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান সমুদ্রপথ। প্রতি বছর লিবিয়া, তিউনিসিয়া ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশ থেকে হাজারো মানুষ বিপজ্জনক ছোট নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাত্রা করেন। এসব নৌকার অনেকগুলোই সমুদ্রযাত্রার উপযোগী নয় এবং অতিরিক্ত যাত্রী বহন করে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইউরোপের উপকূলে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ভূমধ্যসাগরে ১ হাজার ৬৪৭ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৩৫ জন।