শুক্রবার, 20 নভেম্বর 2026
সকল বিভাগ

পরিবারের ৫ জনকে পাচার: মিশরে নিয়ে নির্যাতন, চক্রের ‘অন্যতম হোতা’ গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে এসআরবি জানায়, গত জুলাইয়ে ইতালিতে পাঠানোর কথা বলে ময়মনসিংহের ওই পরিবারের দুই নারীসহ পাঁচ সদস্যকে ৮৫ লাখ টাকার বিনিময়ে শ্রীলঙ্কায় নিয়ে যায় একটি মানবপাচারকারী চক্র। তাদের বলা হয়েছিল, বাংলাদেশ থেকে ইতালির ভিসা হবে না। তাই শ্রীলঙ্কায় গিয়ে সেখানকার দূতাবাস থেকে ভিসা নিতে হবে।

পরিবারের ৫ জনকে পাচার: মিশরে নিয়ে নির্যাতন, চক্রের ‘অন্যতম হোতা’ গ্রেপ্তার
চিত্র: সংগৃহীত

ইউরোপে পাঠানোর কথা বলে ময়মনসিংহের একটি পরিবারের পাঁচ সদস্যকে পাচারের অভিযোগে চক্রের ‘অন্যতম হোতা’ মোহাম্মদ আরজু রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বাহিনীটি জানিয়েছে, ওই চক্র এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বিভিন্ন দেশে পাচার করেছে বলে তথ্য পাওয়া গেছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সোমবার ঢাকার বনানী এলাকা থেকে আরজুকে গ্রেপ্তার করা হয়। এসআরবির ভাষ্য, ইতালিতে পাঠানোর কথা বলে ময়মনসিংহের ওই পরিবারের পাঁচ সদস্যের কাছ থেকে ৮৫ লাখ টাকা নিয়েছিলেন তিনি।

মঙ্গলবার বিকেলে ঢাকার কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসআরবি-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “আরজু মিশরে ছিল। তাকে দীর্ঘদিন ধরেই ট্র্যাক করা হচ্ছিল, তিনি কখন দেশে আসবেন।

“৩/৪ দিন আগে দেশে ফেরা আরজু সামনের বৃহস্পতিবারেই আবার দেশ ছাড়ার কথা ছিল। এরমধ্যেই অবস্থান শনাক্ত করে সোমবার তাকে গ্রেপ্তার করে এসআরবি।”

সংবাদ সম্মেলনে এসআরবি জানায়, গত জুলাইয়ে ইতালিতে পাঠানোর কথা বলে ময়মনসিংহের ওই পরিবারের দুই নারীসহ পাঁচ সদস্যকে ৮৫ লাখ টাকার বিনিময়ে শ্রীলঙ্কায় নিয়ে যায় একটি মানবপাচারকারী চক্র। তাদের বলা হয়েছিল, বাংলাদেশ থেকে ইতালির ভিসা হবে না। তাই শ্রীলঙ্কায় গিয়ে সেখানকার দূতাবাস থেকে ভিসা নিতে হবে।

শ্রীলঙ্কায় নেওয়ার পর ওই পাঁচজনের ওপর অমানবিক নির্যাতন শুরু করে চক্রটি। একপর্যায়ে পরিবারের তিন পুরুষ সদস্য সেখান থেকে পালিয়ে দেশে ফিরে আসেন। দুই নারীকে জানানো হয়, শ্রীলঙ্কা থেকেও ইতালির ভিসা হবে না। এ জন্য মিশরের দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করতে হবে।

এর মধ্যে এক নারী পালিয়ে শ্রীলঙ্কাতেই কোনো একটি স্থানে অবস্থান করছেন। অন্য নারীকে মিশরে নিয়ে যায় চক্রটি। সেখান থেকে গত ১৬ জুলাই তিনি সহায়তা চেয়ে এনএসআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের হোতা আরজুর সন্ধানে নামে এনএসআই।

এসআরবি-৪ অধিনায়ক বলেন, ওই নারীকে মিশরে নিয়ে অমানবিক নির্যাতন এবং অনৈতিক কাজে বাধ্য করা হয়। তিনি বলেন, “তিনি এতে অস্বীকৃতি জানালে আরও নির্যাতন শুরু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে সিগারেট দিয়ে ছ্যাঁকা দেওয়া হত। সেখান থেকে তিনি ভিডিও বার্তায় আমাদেরকে বিভিন্ন নির্যাতনের বর্ননা দিয়েছেন।”

আরজু গ্রেপ্তারের পর দেশের বিভিন্ন স্থান থেকে তার মাধ্যমে পাচারের শিকার ৩০ থেকে ৩৫ জন ভুক্তভোগী এসআরবির সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান হাফিজুর রহমান। তাদের অনেকেই বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে বিদেশ থেকে পালিয়ে দেশে ফিরতে পেরেছেন।

এ ছাড়া গোয়েন্দা সংস্থার সঙ্গে আরও প্রায় ৩০০ ভুক্তভোগীর যোগাযোগ হয়েছে। তাদের ইউরোপে পাঠানোর কথা বলে জনপ্রতি ২০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার আরজুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “তিনি প্রায় এক যুগ ধরে মানব পাচার চালিয়ে আসছিলেন। তার নিজের কোনো লাইসেন্স নেই। বিভিন্ন সময় বিভিন্ন ভুয়া নাম ব্যবহার করে গ্রামের সরল লোকদের বোকা বানিয়ে বিদেশ নিয়ে বিক্রি করে দিত এবং অনৈতিক কাজে বাধ্য করত।”

এসআরবি জানিয়েছে, আরজুর একটি ব্যাংক হিসাবে গত এক বছরে ১ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৪৫০ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া পাচারের শিকার পরিবারের পাঁচ সদস্যের মধ্যে দেশে ফিরতে পারা একজন সোমবার ভাটারা থানায় মামলা করেছেন। ওই মামলায় আরজুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

“এখনো বেশ কয়েকজন ভুক্তভোগী নারী মিশরে আটকে রয়েছেন বলে জানা গেছে। তাদেরকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনার কার্যক্রম চলমান রয়েছে।”

মানবপাচার চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ২০২৫-২৬ সালে এখন পর্যন্ত ২২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআরবি কর্মকর্তা। তিনি বলেন, “আরজুর চক্রের মোট সদস্য সংখ্যাটা এখনো পাইনি। মামলার তদন্ত এবং তাকে পরবর্তী জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

আরজু একটি এজেন্সির মাধ্যমে মানবপাচার করতেন উল্লেখ করে এসআরবি কর্মকর্তা বলেন, বাংলাদেশে এ ধরনের আরও অনেকে রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে তা এসআরবিকে জানানোর অনুরোধ করেন তিনি।