শুক্রবার, 20 নভেম্বর 2026
সকল বিভাগ

রাড্ডা এমসিএইচ কার্যালয় ভাঙচুর-লুট: আরও ৬ জন কারাগারে

মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তারা ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা এবং শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

রাড্ডা এমসিএইচ কার্যালয় ভাঙচুর-লুট: আরও ৬ জন কারাগারে
চিত্র: সংগৃহীত

ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট এবং স্থাপনা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আরও ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই লুৎফুর রহমান।

যে ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, শাহ আলম, আতিকুর রহমান, কামরুল ইসলাম ও শাকিল।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। শাহ আলী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আতোয়ার রহমান আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন।

অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী মুহাম্মদ এমরান জামিনের আবেদন করেন। তিনি সোমবার জামিনের শুনানি করতে চান বলে আদালতকে জানান। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন আবেদনের শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেন।

এর আগে শনিবার সোহেল (২২), জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও রাব্বি (২০) নামে চারজনকে একই মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।

৫০ বছর ধরে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা

মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তারা ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা এবং শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

গভীর রাতে ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা এমসিএইচের কার্যালয়ের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা স্থাপনাটি ভেঙে চলে যাওয়ার আগে জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ লেখা একটি সাইনবোর্ড লাগিয়ে দেন।

সংস্থাটির অভিযোগ, হামলার সময় তাদের কার্যালয়ের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ টিকাদান সামগ্রীও লুট করা হয়।

ঘটনার পর রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, হাতুড়ি, লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একদল ব্যক্তি প্রাচীর টপকে রাড্ডার স্থাপনার ভেতরে ঢোকেন। সেখানে থাকা নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার ও আব্দুল হাইকে মারধরের পর বেঁধে রাখা হয়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা এক্সকেভেটর নিয়ে একটি সেমিপাকা ঘর, পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর এবং ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের সেমিপাকা ঘর ভেঙে ফেলেন।

এ সময় ওই কক্ষগুলোতে থাকা আসবাবপত্র ও বিভিন্ন যন্ত্রপাতিও ভাঙচুর করা হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়, আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের দরজা-জানালা ভেঙে ফেলা হয়। সেখান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি এবং স্টিলের আলমারি নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

নৈশপ্রহরীদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দেওয়ার পর হামলাকারীরা সেখানে একটি সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে চলে যান।