শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

রাশিয়ার নতুন রণকৌশল: ইউক্রেনের যোগাযোগব্যবস্থা পঙ্গু করার লক্ষ্য

পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে যাত্রীবাহী দুটি বাসে রাশিয়ার ছোড়া একটি গ্লাইড বোমা আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এ হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার নতুন রণকৌশল: ইউক্রেনের যোগাযোগব্যবস্থা পঙ্গু করার লক্ষ্য

পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে যাত্রীবাহী দুটি বাসে রাশিয়ার ছোড়া একটি গ্লাইড বোমা আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এ হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলাটি ছিল পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। যুদ্ধের সম্মুখসারির অবস্থান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শহরটির একটি ব্যস্ত সড়কে বিমান থেকে বোমাটি ফেলা হয়। গ্লাইড বোমা আকাশ থেকে নিক্ষেপের পর নির্দিষ্ট স্থানাঙ্ক অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

হামলার পর ক্ষোভ প্রকাশ করে আঞ্চলিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, যাত্রীতে পূর্ণ একটি বাসে হামলা চালিয়ে এক আঘাতেই সর্বোচ্চসংখ্যক মানুষকে হত্যা করা সম্ভব। তিনি আরও অভিযোগ করেন, রাশিয়া জেনেশুনে আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের নিয়ম লঙ্ঘন করছে এবং যেখানে বেশি বেসামরিক মানুষের প্রাণহানি ঘটানো সম্ভব, সেখানেই হামলা চালাচ্ছে।

হামলার পর ইউক্রেনের পরিবহন অবকাঠামো ধ্বংসের নতুন কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ পরিস্থিতিতে ক্রামাতোরস্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক শহরে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন ফিলাশকিন।

যোগাযোগব্যবস্থা অচল করাই নতুন কৌশল

কিয়েভভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পেন্টার প্রধান ভলোদিমির ফেসেঙ্কো এ হামলাকে রাশিয়ার যুদ্ধকৌশলের নতুন রূপ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, আগে রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ সরবরাহব্যবস্থা অচল করা। এখন দেশটির পরিবহন অবকাঠামো অকার্যকর করে যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করাই তাদের নতুন লক্ষ্য।

বিশ্লেষকদের ধারণা, রেলপথ, বাস, মিনিবাস, পেট্রোল পাম্প, সেতু ও সমুদ্রবন্দরে ধারাবাহিক হামলার মাধ্যমে ইউক্রেনের মানুষের মনোবল ভেঙে দেওয়া এবং নিজেদের শর্তে শান্তি মেনে নিতে বাধ্য করাই মস্কোর উদ্দেশ্য।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে ইউক্রেনে ১৫ হাজার ২৮০ জন বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৫৫ শতাংশ বেশি। তবে যুদ্ধের শুরু থেকেই রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

রেল ও গণপরিবহনে ড্রোন হামলা

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর পর থেকে দেশটির আকাশপথে বেসামরিক বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষের যাতায়াত, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং সামরিক ও মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে ট্রেন, বাস ও ট্রাক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেল সংস্থা উকরজালিজনিৎসিয়ার তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে ড্রোন ও গোলার আঘাতে অন্তত ৫২১টি লোকোমোটিভ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিন-পঞ্চমাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে চলতি ২০২৬ সালেই।

গত জানুয়ারিতে খারকিভে চলন্ত ট্রেনে হামলায় পাঁচ যাত্রী নিহত হন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে বহনকারী ট্রেন পোল্যান্ড সীমান্তে প্রবেশের প্রায় ৩০ মিনিট পর পশ্চিমাঞ্চলীয় ইয়াহোদিন স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনের লোকোমোটিভে ড্রোন হামলা চালানো হয়।

উন্নত প্রযুক্তির ড্রোনে বাড়ছে ক্ষয়ক্ষতি

ইউক্রেনের ড্রোন যুদ্ধের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ আন্দ্রি প্রোনিন জানান, রাশিয়ার নতুন প্রজন্মের ড্রোনগুলো আগের তুলনায় দ্রুতগতির। এগুলো জেট ইঞ্জিনচালিত, বেশি বিস্ফোরক বহনে সক্ষম এবং দূর থেকে চালকের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হতে পারে। এ ছাড়া ‘মেশ নেটওয়ার্ক’ প্রযুক্তির মাধ্যমে একটি ড্রোন অন্য ড্রোনের সংকেত সম্প্রসারণে সহায়তা করে।

কর্মকর্তাদের দাবি, টেলিগ্রামে বিপুল অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে ইউক্রেনের কিশোর ও সাধারণ নাগরিকদের ফাঁদে ফেলা হচ্ছে। তাঁদের বাড়ির মডেম চালু রাখার মাধ্যমে ড্রোনের সংকেত গ্রহণে সহায়তা নেওয়া হয়। পাশাপাশি প্রতিবেশী বেলারুশের মোবাইল নেটওয়ার্ক ও চোরাচালানের মাধ্যমে পাওয়া সিম কার্ডের সংকেত ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সম্ভাব্য হামলার আশঙ্কায় পুরো ইউক্রেনজুড়ে আতঙ্ক বিরাজ করছে। রাজধানী কিয়েভ থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়া পর্যন্ত সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

গত ৬ জুলাই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ড্রোন দিয়ে একটি পেট্রোল পাম্পে হামলা চালানো হয়। এতে ১৮ বছর বয়সী শিক্ষার্থী তাতিয়ানা বুবিনেটসসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হন।

বাস, মিনিবাস ও ট্রেনে ধারাবাহিক হামলার কারণে ইউক্রেনের পরিবহনব্যবস্থা ক্রমেই চাপের মুখে পড়ছে। এমন পরিস্থিতিতে দেশের সচল যোগাযোগ ও পরিবহন অবকাঠামো টিকিয়ে রাখাই এখন ইউক্রেনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।