ইসরায়েলে নতুন সরকার গঠনের পথ খুঁজতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনা শুরু করেছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সংসদে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে লিকুদের সঙ্গে আলোচনায় বসেছেন আইজেনকট, যা দেশটির রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে আইজেনকটের ইয়াশার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতিনিধিদের মধ্যে এ আলোচনা শুরু হয়। হার্জলিয়ার ড্যান আকাদিয়া হোটেলে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
লিকুদ পার্টির পাশাপাশি আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গেও আলোচনা চালাচ্ছে আইজেনকটের দল। একই সঙ্গে আরব-প্রধান রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের বিকল্পও বিবেচনায় রয়েছে।
আইজেনকটের দল ইয়াশার এক বিবৃতিতে জানায়, নতুন সরকার গঠনের সব সম্ভাবনা যাচাই করতে রোববার থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। দেশে একটি বিস্তৃত ও স্থিতিশীল সরকার গঠনের লক্ষ্যে সম্ভাব্য সব পথ খোলা রাখতে চান তাঁরা।
বার্তা সংস্থা এপি ও এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান আইজেনকটকে গত ৮ নভেম্বর সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। নির্বাচনের পর সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকটের পক্ষে মত দেন। অন্যদিকে ৪৬ জন সমর্থন করেন নেতানিয়াহুকে। সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারবেন।
তবে লিকুদ পার্টির সঙ্গে আলোচনা শুরু করলেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার বিষয়ে আইজেনকটের অবস্থান নেতিবাচক। এর আগে তিনি স্পষ্ট করেছেন, নেতানিয়াহুর নেতৃত্বে কোনো সরকারে থাকবেন না। ফলে বর্তমান আলোচনা মূলত জাতীয় ঐক্যের সরকার, ক্ষমতা ভাগাভাগি কিংবা লিকুদ পার্টির একটি অংশকে নিয়ে বিকল্প সরকার গঠনের সম্ভাবনাকে কেন্দ্র করে এগোতে পারে।
আইজেনকটের শিবিরেও এ বিষয়ে মতভেদ রয়েছে। নেতানিয়াহুবিরোধী জোটের অংশীদারদের মধ্যে আল্ট্রা-অর্থোডক্স দল এবং আরব-প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা নিয়ে বিভক্তি রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইতিমধ্যে নেতানিয়াহুকে বাদ দিয়ে আইজেনকটের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।
অন্যদিকে নেতানিয়াহু জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে কথা বলেছেন। তবে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিরোধীদের অনড় অবস্থানের কারণে সমঝোতার পথ কঠিন হয়ে উঠছে।
আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট আবার নেতানিয়াহুকে সুযোগ দিতে পারেন। তা না হলে নতুন নির্বাচন আয়োজনের পথও খুলে যেতে পারে।