সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

নাটোরে উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের কাপুড়িয়াপট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

নাটোরে উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ
ছবি: সংগৃহীত

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের কাপুড়িয়াপট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, অন্তর কুমার সাহা নামে এক যুবকের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার অন্তরের বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে মাধনগর স্টেশন এলাকায় একটি আসনের নিচে ল্যাপটপটি পড়ে থাকতে দেখেন। গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা দেখে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর তাঁরা ল্যাপটপটি নিজেদের কাছে রেখে দেন।

রোববার তাঁরা নাটোরে এলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ল্যাপটপটি উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “অন্তর ও অন্তরের বাবা আমাদের হেফাজতে আছে। এখনও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

“এটা অত্যন্ত খুশির বিষয় আমরা ল্যাপটপটি উদ্ধার করেছি। ক্রিলও খুশি হয়েছেন। উনার অন্যান্য যে মালামাল রয়েছে, সেগুলো উদ্ধারেও আমরা কাজ করছি। আর সিসিটিভি ভিডিওতে আমরা যে যুবককে শনাক্ত করেছি তার কোনো খবর পেলে দ্রুত জানানো হবে।”

গত ৭ অক্টোবর বিকেলে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। এরপর ভিআইপি বিশ্রামাগারে এক যুবকের কাছে নিজের ব্যাগ রেখে বুথে টাকা তুলতে যান তিনি।

টাকা তুলে ফিরে এসে বিশ্রামাগারে নিজের ব্যাগটি আর পাননি ক্রিল। ওই যুবকও ততক্ষণে উধাও হয়ে যায়। ব্যাগে ল্যাপটপ ছাড়াও একটি ক্যামেরা ও অন্যান্য মালামাল ছিল।

এ ঘটনায় পরে নাটোর সদর থানার পুলিশকে বিস্তারিত জানান ক্রিল। তাঁর বাকি মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।