কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্তের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের আদেশে মামলাটির নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ।
শুক্রবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা এখন মামলাটির তদন্ত করবেন।
অপ্রতিম হত্যা মামলার তদন্তের শুরুতে দায়িত্বে ছিলেন সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
শুক্রবার সাইফুল ইসলাম জানান, মামলাটির তদন্তভার এখন থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদের কাছে যাচ্ছে। আগামী এক-দুই দিনের মধ্যে মামলার সব নথিপত্র নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
নতুন দায়িত্ব পাওয়া রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপারের কার্যালয় থেকে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেওয়া হয়েছে। নথিপত্র হাতে পাওয়ার পর তিনি তদন্ত কার্যক্রম শুরু করবেন।
তিনি বলেন, “আশা করি, তদন্তের পর দ্রুততম সময়ে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করতে পারব।”
গত ১৮ সেপ্টেম্বর বিকালে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম। কোটবাড়ী এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
নিখোঁজ হওয়ার পরদিন, ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পরের দিন পুলিশ দাবি করে, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
অপ্রতিম হত্যার ঘটনায় করা মামলায় বাদী হয়েছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
মামলাটিতে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাইফুল ইসলাম তুহিন (১৯) ও সিয়াম (১৯) বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
অন্য দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।