দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী সফর করতে যাচ্ছেন, যা ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
জানা গেছে, জেলার ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করবেন। স্থানীয় বিএনপি নেতাদের মতে, জনসমাগমের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তিন লাখের বেশি।
একজন স্থানীয় নেতা জানিয়েছেন, “রাজশাহী বিভাগের তিন জেলার নেতাকর্মীরা এখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি সাধারণ মানুষও উনাকে স্বাগত জানাতে প্রস্তুত।”
আরেক সমর্থক বলেন, “২৯ জানুয়ারি সফরের কথা মানুষকে জানাতে গিয়ে আমরা দেখেছি, সাধারণ মানুষও উত্সাহিত—তারা একটি মুহূর্তের জন্য হলেও উনাকে দেখতে আগ্রহী।”
সমাবেশ সফল করার জন্য মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতির তদারকি করছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
রাজশাহী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, “নাটোর, রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার নেতা-কর্মীদের আমরা জানিয়েছি, দীর্ঘ সময় পর তারেক রহমানের আগমন উপলক্ষে তারা যেন জনগণের মধ্যে এটি প্রচার করে।”
রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “ধানের শীষের প্রার্থীর জন্য তিনি আসছেন, জনগণের জন্য তিনি আসছেন। আমার ধারণা, আসলে আমাদের ভোটের চেয়ে দ্বিগুণ ভোট সমর্থন বৃদ্ধি পাবে।”
চেয়ারম্যানের সভাস্থল জনসমুদ্রে পরিণত হওয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা। রাজশাহীর ছয়টি আসনসহ আশপাশের তিনটি জেলার নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, “আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে বিএনপির জনসভা হবে। তারেক রহমানের এই সভা ১৭ বছরের ইতিহাসে সর্ববৃহৎ জনসমুদ্রে পরিণত হবে, ইনশাল্লাহ।”
উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে তারেক রহমান রাজশাহী সফর করেছিলেন বিএনপি নেতা-কর্মীদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে।