বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

৬ ঘণ্টা পর যমুনা থেকে উদ্ধার হলো নিখোঁজ দুই শিশুর মরদেহ

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ দীর্ঘ ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

৬ ঘণ্টা পর যমুনা থেকে উদ্ধার হলো নিখোঁজ দুই শিশুর মরদেহ

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ দীর্ঘ ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো—সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান (৮)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে ইসমাইল ও ওসমান। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা পানিতে তলিয়ে যায়।

এ সময় সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারের চেষ্টা চালান। তবে এর আগেই শিশু দুটি পানির নিচে হারিয়ে যায়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী ইউনিট ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথমে ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়। পরে ওসমানের মরদেহও উদ্ধার করতে সক্ষম হন ডুবুরি দলের সদস্যরা। সন্ধ্যা ৭টার দিকে তাদের উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শহিদুল ইসলাম বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে অনেক বেগ পেতে হয়েছে। তারপরও প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় এ ঘটনায় গভীর শোক ও বিষাদের সৃষ্টি হয়েছে।