বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার হয়ে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই হামলার নেপথ্যে ইউক্রেনের হাত রয়েছে বলে ধারণা করছে ফিনল্যান্ড। হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষতিগ্রস্ত জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার রাতে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় গণমাধ্যম ইলেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন জানান, ‘স্পার্টা-২’ নামের ওই জাহাজটিতে থাকা ১৬ জন নাবিক প্রাণ বাঁচাতে শুরুতে লাইফবোটে আশ্রয় নেন। পরবর্তীতে নিকটবর্তী অপর একটি রুশ জাহাজে তাঁদের উদ্ধার করে নেওয়া হয় এবং বর্তমানে তাঁরা রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করছেন।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, জাহাজটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অঞ্চল কালিনিনগ্রাদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এটি আক্রমণের শিকার হয়। এর আগে রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকেও একই ধরনের তথ্য জানানো হয়েছিল। এক সংবাদ ব্রিফিংয়ে ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন উল্লেখ করেন, এই হামলার পেছনে সম্ভবত ইউক্রেন জড়িত। তবে ঠিক কী কারণে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
উল্লেখ্য, চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ এলাকায় ইউক্রেন একাধিকবার সামরিক ড্রোন আক্রমণ চালিয়েছে। সেসব ড্রোনের কয়েকটি দিকভ্রষ্ট হয়ে বাল্টিক অঞ্চলের আকাশসীমায় ঢুকে পড়ায় চলমান যুদ্ধের আঁচ ন্যাটোভুক্ত দেশগুলোর ভূখণ্ডেও ছড়িয়ে পড়ার উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ফিনিশ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। যেহেতু এটি ফিনল্যান্ডের জলসীমায় এসে নোঙর করেছে, তাই উদ্ধার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে ফিনল্যান্ড। তবে চূড়ান্ত পর্যায়ে রুশ নৌযানগুলো ক্ষতিগ্রস্ত জাহাজটির অবশিষ্টাংশ টেনে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। অন্যদিকে, ফিনল্যান্ড উপসাগরের কোস্টগার্ড কমান্ডার মিক্কো সিমোলা জানিয়েছেন, উদ্ধার অভিযান চলাকালে রাশিয়ার একটি হেলিকপ্টার স্বল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা অতিক্রম করেছে বলে সন্দেহ করা হচ্ছে।