সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

বিতর্কের জেরে ১০ দিনে ৩০ বিলিয়ন ডলার হারালেন হুয়াং

বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্ক ও পদত্যাগের জেরে মাত্র ১০ দিনের ব্যবধানে এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াংয়ের সম্পদ ৩০ বিলিয়ন ডলারেরও বেশি কমে ১৩১ দশমিক ৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যার ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি অষ্টম থেকে ১৪তম স্থানে পিছিয়ে পড়েছেন।

বিতর্কের জেরে ১০ দিনে ৩০ বিলিয়ন ডলার হারালেন হুয়াং
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের নিট সম্পদে বড় পতন ঘটেছে। বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি সামনে আসা এবং দায়িত্ব ছাড়ার পর মাত্র দশ দিনের ব্যবধানে তার সম্পদের পরিমাণ ৩০ বিলিয়ন ডলারেরও বেশি কমে গেছে।

১৯ নভেম্বর প্রকাশিত ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার সূচক অনুসারে, ৬৩ বছর বয়সী এই উদ্যোক্তার বর্তমান মোট সম্পদ দাঁড়িয়েছে ১৩১ দশমিক ৮ বিলিয়ন ডলারে। ২৪ ঘণ্টার ব্যবধানেই তার সম্পদ কমেছে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার। এক দিনে সবচেয়ে বেশি সম্পদ হারানোর দিক থেকে বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে তার অবস্থান দ্বিতীয়। ওই দিন তার চেয়ে বেশি সম্পদ খুইয়েছেন জাপানের শীর্ষ ব্যবসায়ী তাকেমিৎসু তাকিজাকি।

সম্পদের এই পতনের কারণে বৈশ্বিক ধনকুবেরদের সারিতে হুয়াংয়ের অবস্থানও নিচে নেমে এসেছে। বর্তমানে তিনি ১৪তম স্থানে অবস্থান করছেন। তার ঠিক ওপরে রয়েছেন ওয়ালমার্টের উত্তরাধিকারী অ্যালিস ওয়ালটন, আর তার নিচের অবস্থানে আছেন মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম হেলু ও তার পরিবার।

গত ৯ নভেম্বর শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার আগে হুয়াং ছিলেন বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি। সে সময় তার আনুমানিক সম্পদ ছিল ১৬২ দশমিক ২ বিলিয়ন ডলার। এর আগের দিনই তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেন। এরপর থেকে তার মোট সম্পদ প্রায় ১৯ শতাংশ সংকুচিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা লাগে ১০ নভেম্বর, যখন একদিনেই তার সম্পদ ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার কমে যায়।

এনভিডিয়ার ৩ দশমিক ৫ শতাংশের বেশি শেয়ারের মালিকানা রয়েছে হুয়াংয়ের হাতে। স্বাভাবিক কারণেই প্রতিষ্ঠানটির শেয়ারের দরের উত্থান-পতন সরাসরি প্রভাব ফেলে তার ব্যক্তিগত সম্পদের হিসাবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্ক ছড়িয়ে পড়ার পর ১৬ নভেম্বর পর্যন্ত এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৮০০ বিলিয়ন ডলার হ্রাস পায়। কোম্পানির শীর্ষ নেতৃত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংশয় তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মাঝে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে।

গত ১২ নভেম্বর এনভিডিয়ার প্রেসিডেন্ট, সিইও এবং পরিচালনা পর্ষদের পদ থেকে সরে দাঁড়ান হুয়াং। পদত্যাগের পর গত মঙ্গলবার প্রথমবারের মতো গণমাধ্যমে প্রতিক্রিয়া জানান তিনি। নিজের ব্যক্তিগত জীবনের স্খলন স্বীকার করার পাশাপাশি এনভিডিয়ার প্রধান নির্বাহীর চেয়ারে পুনরায় ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

তবে তার ফিরে আসার সেই আশা নাকচ করে দিয়েছেন এনভিডিয়ার চেয়ারম্যান হার্ভি জোন্স। তিনি স্পষ্ট করেন যে, পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে হুয়াংয়ের পদত্যাগপত্র অনুমোদন করেছে এবং প্রতিষ্ঠানের স্থায়ী উত্তরসূরি নির্বাচনের কার্যক্রম অব্যাহত থাকবে।


সূত্র: ভিএনএক্সপ্রেস ও রয়টার্স