বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সিরিজ বাঁচানোর ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে এক পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণায় শেষ মুহূর্তে চমক দেখা গেছে। অধিনায়ক প্যাট কামিন্স দুটি পরিবর্তনের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত একাদশে এসেছে মাত্র একটি পরিবর্তন।

সিরিজ বাঁচানোর ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে এক পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণায় শেষ মুহূর্তে চমক দেখা গেছে। অধিনায়ক প্যাট কামিন্স দুটি পরিবর্তনের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত একাদশে এসেছে মাত্র একটি পরিবর্তন।

শনিবার (২২ আগস্ট) সকালে টসের সময় চূড়ান্ত একাদশ জানানো হবে বলে আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন কামিন্স। তবে তার সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রচলিত রীতি অনুযায়ী সাধারণত ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেই একাদশ জানিয়ে দেওয়া হয়। তবে এবার সেই প্রথা অনুসরণ না করে সংবাদ সম্মেলনের পরপরই দল ঘোষণা করা হয়েছে।

মধ্য কুইন্সল্যান্ডের আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে বাইরে রেখে চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত অবশ্য লায়নকে একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘ক্রিকেটডটকম ডটএইউ’ জানিয়েছে, কামিন্সের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর মাঠের পাশে জরুরি বৈঠকে বসেন নির্বাচকরা। সেখানেই লায়নকে একাদশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শতভাগ ফিট থাকা অবস্থায় লাল বলের ক্রিকেটে লায়নকে বাদ দেওয়ার ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেটে সর্বশেষ ঘটেছিল ১৪ বছর আগে পার্থের ওয়াকা গ্রাউন্ডে।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত একাদশে একমাত্র পরিবর্তন এসেছে ওপেনিংয়ে। জ্যাক ওয়েদারল্ডের জায়গায় দলে ফিরেছেন ম্যাট রেনশ। ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে তরুণ বয়সে ওপেনার হিসেবে টেস্ট সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তিনি। তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় পরবর্তীতে দল থেকে বাদ পড়েন।

২০২৩ সালের পর আবারও টেস্ট একাদশে ফিরলেন ৩০ বছর বয়সী রেনশ। ম্যাকাইয়ে বাংলাদেশের বিপক্ষে তিনি ওপেনিংয়ে দায়িত্ব পালন করবেন। এদিকে তিন নম্বরে সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও একাদশে নিজের জায়গা ধরে রেখেছেন মার্নাস লাবুশেন।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টের একাদশ থেকে রেনশ ছাড়া আর কাউকেই পরিবর্তন করেনি অস্ট্রেলিয়া।

শনিবার ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজে সমতা ফেরাতে স্বাগতিকদের জন্য জয় জরুরি। কারণ এই ম্যাচ ড্র হলেও প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারবে অস্ট্রেলিয়া। ফলে সিরিজ হার এড়াতে কামিন্সদের সামনে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

অস্ট্রেলিয়া একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্যু ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।