কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, অভিযানে কোতোয়ালি মডেল থানা থেকে ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানা থেকে ৯ জন, চৌদ্দগ্রাম থেকে ৭ জন, চান্দিনা থেকে ৬ জন, বুড়িচং থেকে ৮ জন, ব্রাহ্মণপাড়া থেকে ৩ জন, বরুড়া থেকে ৪ জন, লাকসাম থেকে ৭ জন, মনোহরগঞ্জ থেকে ২ জন, নাঙ্গলকোট থেকে ৬ জন, দাউদকান্দি থেকে ১২ জন, তিতাস থেকে ৪ জন, হোমনা থেকে ৩ জন, মেঘনা থেকে ১ জন, দেবিদ্বার থেকে ৬ জন, মুরাদনগর থেকে ৪ জন, বাঙ্গরা থেকে ১ জন এবং লালমাই থেকে ৭ জনকে আটক করা হয়। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তিনজনকে আটক করে। সব মিলিয়ে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন। এসব তৎপরতা প্রতিরোধের পাশাপাশি জননিরাপত্তা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে।’