বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকারের আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, মামলার শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে তা আদেশের জন্য অপেক্ষমাণ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও এপিপি হুমায়ুন কবীর কর্নেল।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ মার্চ কুষ্টিয়া জেলার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার নামাজের খুতবার পূর্বে আলোচনাকালে মুফতি আমির হামজা ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেন। তিনি মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘আপাদমস্তক ইসলাম বিদ্বেষী’ বলে প্রকাশ্যে উল্লেখ করেন।
অভিযোগে আরও বলা হয়, সংসদ সদস্য এবং জনপ্রিয় বক্তা হওয়ায় তার এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এতে ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং বিশ্বজুড়ে তার অপূরণীয় মানহানি ঘটেছে বলে দাবি করা হয়।
এছাড়া মানহানির এই ঘটনায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলা গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ডব্লিউ-এ) জারির আবেদন জানানো হয়েছে।