শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা নিরাপত্তা নজরদারির অংশ হিসেবে স্থাপন করা ক্যামেরাগুলো খুলে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বৈরাগ ইউনিয়ন পরিষদের সচিব মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় স্থানীয় তিন যুবককে জিজ্ঞাসাবাদ করছে আনোয়ারা থানার পুলিশ। তিনি বলেন, ভোটকেন্দ্রে স্থাপিত দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করছে। একই স্থানে পুনরায় দুটি নতুন ক্যামেরা বসানোর কাজ চলছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। গুরুত্বপূর্ণ একটি ভোটকেন্দ্র থেকে নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘নতুন করে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’