আসন্ন জুন মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা।
এর আগে সিরিজের সূচি ঘোষণা করা হলেও এবার ম্যাচের নির্দিষ্ট সময়সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া দল আগামী ৬ জুন বাংলাদেশে পৌঁছাবে। পরদিন মিরপুরে অনুশীলন করবে তারা। একই সময়ে মিরপুরে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দলও।
৯ জুন মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ জুন এবং তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ১৭ জুন প্রথম ম্যাচ, ১৯ জুন দ্বিতীয় ম্যাচ এবং ২১ জুন অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সব ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।